ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় সুবর্না (১৮) নামে এক তরুণীর গলায় ওড়না পেঁচানো লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় ঘটনাস্থল থেকে এ লাশ উদ্ধার করা হয়।
এই ঘটনায় সবুজ (২৬) নামে এক ব্যক্তির বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগ এনে নিহত সুবর্নার বড় ভাই আব্দুর রহমান ঢালী গতকাল রাত ১০টায় কেরানীগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। সুবর্নার বাবার নাম মেছের উদ্দিন ঢালী। গ্রামের বাড়ি শরিয়তপুর জেলার নড়িয়া থানার পশ্চিম নন্দনসার গ্রামে। সে কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের পূর্বচড়াইল গ্রামে জৈনিক আহমেদের বাড়িতে তার বড় ভাইয়ের সাথে ভাড়া বাসায় থাকতো।
কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ উপ-পরিদর্শক মুনসুর আহমেদ জানান, ঘটনার সংবাদ পেয়ে দরজা ভেঙে ঘরের ভিতর থেকে ঝুলন্ত অবস্থায় সুবর্নার লাশ উদ্ধার করা হয়। লাশ ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
