১০ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ):সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নানা রকমের অপরাধের ভিডিও দেখেন তাঁরা। পরে সে অনুযায়ী ছিনতাইয়ের মতো অপরাধ করেন। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার একটি ছিনতাইয়ের ঘটনা ফেসবুকে দেখে সে অনুযায়ী ছিনতাই করে একটি চক্র। এই চক্রের চার সদস্যকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানিয়েছে পুলিশ। গতকাল বুধবার রাতে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী ফৌজদার হাট লিংক রোড থেকে তাঁদের গ্রেপ্তার করে বায়েজিদ বোস্তামী থানার পুলিশ।
গ্রেপ্তার চারজন হলেন বেলাল হোসেন, তানভীর ইসলাম, মো. সোহেল ও কামাল উদ্দিন। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তানভীরের ৬, সোহেলের ৪ এবং কামালের বিরুদ্ধে ৩টি করে ছিনতাই ও অস্ত্র মামলা রয়েছে।
চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (উত্তর) মোখলেসুর রহমান আজ বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, রাত ১০টার পর ভাড়া করা একটি ব্যক্তিগত গাড়ি নিয়ে তাঁরা ছিনতাইয়ে বের হন। কখনো ওষুধের ফার্মেসিতে ঢুকে আবার কখনো পথচারীদের কাছ থেকে ছিনতাই করেন। গাড়িচালকের কাছ থেকে গাড়ি ও টাকা ছিনতাই করে থাকেন অস্ত্রের মুখে জিম্মি করে। দক্ষিণ আফ্রিকায় ছিনতাইয়ের বিভিন্ন ঘটনা ফেসবুকে দেখে তাঁরা এই অভিনব কৌশলে ছিনতাই করার কথা স্বীকার করেন।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, গ্রেপ্তার ছিনতাইকারীরা ৫ ফেব্রুয়ারি নগরের অলংকার মোড় থেকে সীতাকুণ্ডে যাওয়ার কথা বলে একটি ব্যক্তিগত গাড়ি ভাড়া নেন। গাড়িটির চালক মো. ইলিয়াছকে ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোডে নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করেন তাঁরা। এ সময় তাঁরা চালকের কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। দিতে না পারায় গাড়িটি নিয়ে চলে যান তাঁরা। ওই গাড়ি নিয়েই পরদিন রাত সাড়ে তিনটার দিকে নগরের অক্সিজেন কুয়াইশ সড়কের কাঁচাবাজার এলাকায় একটি ফার্মেসিতে যান ছিনতাইকারীরা। তাঁদের একজন প্রথমে দোকানের ভেতরে ঢোকেন। পরে অন্যরা ঢোকেন। অস্ত্রের মুখে ফার্মেসিমালিককে জিম্মি করে দোকান থেকে ৭০ হাজার টাকা, একটি ট্যাব ও মুঠোফোন নিয়ে যান। একই দিন ভোরে নগরের মুরাদপুর এলাকায় এক রিকশা যাত্রীর কাছ থেকে মুঠোফোন ছিনিয়ে নেন তাঁরা।
ওসি কামরুজ্জামান আরও বলেন, গ্রেপ্তার ছিনতাইকারীরা সাধারণত রাত সাড়ে ১০টা থেকে ভোর পর্যন্ত ব্যক্তিগত গাড়ি নিয়ে নগরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ছিনতাই করেন। গতকাল বুধবারও তাঁরা নয়টি ছিনতাই করার কথা স্বীকার করেছেন। তাঁদের কাছ থেকে ছিনতাই করা একটি ব্যক্তিগত গাড়ি, স্টিলের টিপ ছুরি, ১০টি মুঠোফোন, একটি ট্যাব ও ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় থানায় মামলা হয়েছে।
