রাজশাহীতে গাঁজা সেবন করতে গিয়ে ধরা পড়লো পুলিশ

pulisরাজশাহীর পবা উপজেলায় গাঁজা সেবন করতে গিয়ে পুলিশের এক কনস্টেবল জনতার হাতে ধরা পড়েছেন। তানজিল রহমান নামের ওই পুলিশ সদস্য রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) দামকুড়া থানায় কর্মরত ছিলেন। ঘটনার পর তাৎক্ষণিকভাবে তাকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

দামকুড়া থানার ওসি আবদুল লতিফ বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে দামকুড়া বাজারের একটি মার্কেটের ভেতর বসে ছিলেন পুলিশ কনস্টেবল তানজিল রহমান। স্থানীয়দের দাবি, তিনি সেখানে গাঁজা সেবন করছিলেন। তাই তাকে আটকে রাখা হয়। এ সময় অনেক মানুষ জড়ো হয়ে যায়।

ওসি বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে রাতেই আরএমপি কমিশনার একেএম হাফিজ আক্তার তাকে পুলিশ লাইনে প্রত্যাহারের নির্দেশ দেন। অনেক রাত হয়ে যাওয়ায় তানজিল সকালে থানা ছেড়ে পুলিশ লাইনে যোগ দেন।’

আরএমপির মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম বলেন, ‘বিষয়টি খুবই স্পর্শকাতর। তাই স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতেই তাৎক্ষণিকভাবে তানজিলকে আরএমপির পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। ঘটনাটি আমরা তদন্ত করছি। সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Related posts

Leave a Comment