সাভারে ট্যানারিতে অবৈধ বাইপাস লাইন,কোটি টাকার গ্যাস চুরির ঘটনায় সংযোগ বিচ্ছিন্ন

ষ্টাফ রিপোর্টার,৮ জুন ২০২৬ (বিবিনিউজ ):ঢাকার সাভারে চামড়া শিল্প নগরীতে অবৈধ বাইপাস লাইন স্থাপন করে দীর্ঘদিন ধরে গ্যাস চুরির দায়ে একটি কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির আঞ্চলিক ভিজিল্যান্স টিম। বৈধ সংযোগের আড়ালে কৌশলে এই অবৈধ সংযোগ ব্যবহার করে প্রতিষ্ঠানটি কোটি টাকা মূল্যের গ্যাস চুরি করে আসছিল।
সোমবার দীর্ঘ অনুসন্ধান শেষে গোপন তথ্যের ভিত্তিতে সাভারের চামড়া শিল্পের ‘হাইটেক ট্যানারি’ নামক প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন তিতাসের গাজীপুর আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগের ব্যবস্থাপক মোঃ আব্দুল আলীম রাসেল।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কারখানাটিতে প্রস্তাবিত নতুন বৈধ শিল্প সংযোগের আড়ালে অত্যন্ত কৌশলে অবৈধ বাইপাস লাইন স্থাপন করা হয়েছে। রাইজারের গোড়ায় প্রায় চার ফুট গভীরে আরসিসি ঢালাইয়ের নিচ দিয়ে বিভিন্ন সাইজের জিআই ও এমএস পাইপ ব্যবহার করে এই অবৈধ সংযোগটি টানা হয়েছিল। এই অবৈধ গ্যাস ব্যবহার করে কারখানার বয়লার, ড্রায়ার এবং লেদার স্প্রে প্রিন্টিং মেশিন চালানো হতো। সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্যমতে, এই অবৈধ সংযোগের মাধ্যমে প্রতি মাসে আনুমানিক ১৫ লাখ টাকার গ্যাস চুরি করা হতো।
এ বিষয়ে কারখানার স্বত্বাধিকারী মুজাফফর হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
তিতাসের ভিজিল্যান্স শাখার কারিগরি টিমের সহযোগী প্রকৌশলী আহসান হাবিব জানান, প্রায় এক ঘণ্টাব্যাপী এই অভিযান চালানো হয়। অভিযানের সময় অবৈধ লাইনটি শনাক্ত করে বিচ্ছিন্ন করা হয়েছে।
তিতাসের ব্যবস্থাপক মোঃ আব্দুল আলীম রাসেল জানান, নিয়মিত বিল ও জরিমানার পাশাপাশি কারখানার মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, গ্যাসের সিস্টেম লস কাঙ্ক্ষিত পর্যায়ে না আসা পর্যন্ত অবৈধ সংযোগের বিরুদ্ধে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Related posts

Leave a Comment