১১ জুলাই,২০২৬ (বিবিনিউজ):বিদ্রোহ, সাম্য, মানবতা ও প্রেমের চিরন্তন কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সংগীতচর্চাকে নতুন প্রজন্মের কাছে আরও অর্থবহ করে তুলতে সুর লহরীর উদ্যোগে সম্প্রতি নজরুল কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটি দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে পরিচালনা করেন সুর লহরীর পরিচালক রিপন মেহেবুব।
কর্মশালায় নজরুল সংগীতের সুর, তাল, উচ্চারণ, আবেগ ও পরিবেশনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি নজরুলের সৃষ্টির অন্তর্নিহিত মানবতাবাদ, অসাম্প্রদায়িক চেতনা এবং শিল্পভাবনা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়। প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত এই কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আন্তরিক উৎসাহ ও আগ্রহের সঙ্গে প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কলকাতা ছায়ানটের সভাপতি সোমঋতা মল্লিক।

কর্মশালা সভাপতিত্ব করেন মাসিক সরগম পত্রিকার সম্পাদক রওনাক হোসেন। সভাপতি বলেন, নজরুলচর্চা কেবল সংগীত শিক্ষার বিষয়া নয়, এটি মানবিক মূল্যবোধ ও সাংস্কৃতিক চেতনাকে বিকশিত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তিনি শিক্ষার্থীদের নিয়মিত অনুশীলন, শুদ্ধ সংগীতচর্চা এবং নজরুলের আদর্শ ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। কর্মশালায় খুঁকি ও কাঠবিড়ালি কবিতাটি আবৃত্তি করে শোনান মেহেলিয়া ও রাহা। নজরুল সংগীত শিউলি তলায় ভোর বেলায় এই গানটি এককভাবে গেয়ে শোনান রাজকন্যা আয়াত তাহা। এবং দলীয় সংগীত ‘মনেরও রং লেগেছে’ পরিবেশন করেন সুর লহরীর শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন তানিয়া ফেরদৌসী। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন মৌসুমী ইসলাম।
অনুষ্ঠানের শেষে উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, এ ধরনের কর্মশালা নিয়মিত আয়োজনের মাধ্যমে নজরুলসংগীতের শুদ্ধ চর্চা আরও বিস্তৃত হবে এবং নতুন প্রজন্মের শিল্পীদের মাঝে নজরুলের আদর্শ ও সৃষ্টির প্রতি গভীর অনুরাগ সৃষ্টি করবে।
