করপোরেট সিন্ডিকেটের দৌরাত্ম্য ও ন্যায্যমূল্যের দাবিতে ধামরাইয়ে খামারিদের ব্যতিক্রমী বিক্ষোভ সমাবেশ


ষ্টাফ রিপোর্টার,২৯ জুন ২০২৬ (বিবিনিউজ ):ডিম ও ব্রয়লার মুরগির ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং করপোরেট প্রতিষ্ঠান গুলোর বাজার সিন্ডিকেট ভাঙার দাবিতে সোচ্চার হয়েছেন সাভার ও ধামরাইয়ের প্রান্তিক পোল্ট্রি খামারিরা। আজ দুপুরে ঢাকার ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় সমবেত হয়ে খামারিরা মহাসড়কের ওপর শত শত ডিম ভেঙে নিজেদের চরম ক্ষোভ ও প্রতিবাদের বহিঃপ্রকাশ ঘটান।
মানববন্ধনে উপস্থিত খামারিরা অভিযোগ করেন, পোল্ট্রি ফিড (খাদ্য) এবং ওষুধের লাগামহীন ঊর্ধ্বগতিতে উৎপাদন খরচ এখন আকাশচুম্বী। অথচ করপোরেট সিন্ডিকেটের কারসাজিতে বাজারে ডিম ও মুরগির দাম রাখা হচ্ছে অস্বাভাবিক কম। উৎপাদন খরচের চেয়েও কম দামে পণ্য বিক্রির ফলে প্রান্তিক পর্যায়ের খামারিরা আজ নিঃস্ব হওয়ার পথে। তাদের দাবি, একটি প্রভাবশালী গোষ্ঠী পরিকল্পিত ভাবে কৃত্রিম সংকট ও দামের কারসাজি করে ক্ষুদ্র খামারিদের ব্যবসা ধ্বংস করার চক্রান্ত করছে।
বিক্ষুব্ধ খামারিরা হুঁশিয়ারি দিয়ে বলেন, জরুরি ভিত্তিতে ফিডের দাম নিয়ন্ত্রণ এবং ডিম-মুরগির যৌক্তিক ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে। অন্যথায়, সাধারণ খামারিদের স্বার্থ রক্ষায় তারা দেশব্যাপী আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।
এদিকে, এ খবর পেয়ে ধামরাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি খামারিদের মহাসড়ক থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ।

Related posts

Leave a Comment