ষ্টাফ রিপোর্টার,৩০ জুন (বিবিনিউজ):দেশের রাজনীতিতে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত অপরাজনীতি বন্ধের দাবিতে সাভারের মহাসড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা জেলা যুবদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ সমাবেশে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল গুপ্ত রাজনীতি শুরু করে জনগণকে বিভ্রান্ত করছে। সোমবার বিকেলে ঢাকার সাভার মডেল মসজিদ প্রাঙ্গণে ‘সুস্থ ধারার রাজনীতি’ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ঢাকা জেলা যুবদল। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।

এ সময় বক্তারা অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল পরিকল্পিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেশের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করছে। বিশেষ করে মুক্তিযুদ্ধের ইতিহাস ও শহীদদের নিয়ে মিথ্যাচারের তীব্র নিন্দা জানান কেন্দ্রীয় নেতারা।
“একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা গুপ্ত রাজনীতি শুরু করে দেশের মানুষকে বিভ্রান্ত করছে। জামায়াতের একজন নেতা সংসদে দাবি করেছেন, তার বাবা মুক্তিযুদ্ধের সময় শহীদ হয়েছেন অথচ পরে দেখা যায়, তার বাবা এখনো জীবিত। তারা এভাবেই মিথ্যা ও অপপ্রচারের রাজনীতি শুরু করেছে।”

ঢাকা জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদের সভাপতিত্বে¡ সমাবেশে আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল মনছুর খান দিপক, আজহারুল ইসলাম মিলন,কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া ,সাজেদুল ইসলাম প্রমূখ ও ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আইয়ুব খান প্রমূখ।

বক্তারা সুস্থ ধারার রাজনীতি চর্চার ওপর গুরুত্বারোপ করেন।”আমরা কোনো অপরাজনীতি চাই না। আমরা চাই দেশের মানুষের জন্য কাজ করতে। যারা শিষ্টাচার বহির্ভূত কাজ করছে, তাদের প্রতিহত করতেই আমাদের এই কর্মসূচি।” সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সাভারের গুরুত্বপূর্ণ সড়ক ও ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে রেডিও কলোনী এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
