৯ জুলাই, ২০২৬(বিবিনিউজ) :ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীসহ ঢাকা জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন স্কুল টিম’ গঠনের নির্দেশ দিয়েছেন ঢাকার জেলা প্রশাসক মিজ ফরিদা খানম। বুধবার তাঁর স্বাক্ষর করা এক দাপ্তরিক আদেশে এ নির্দেশনা প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নির্দেশনার আলোকে শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সবার জন্য একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্য সম্মত ও পরিবেশ বান্ধব শিক্ষাঙ্গন নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
প্রদত্ত নির্দেশনায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি মনিটরিং কমিটি বা ‘ক্লিন স্কুল টিম’ গঠন করতে বলা হয়েছে। কমিটির দায়িত্বগুলোর মধ্যে রয়েছে,
শিক্ষক-শিক্ষার্থীসহ সবার ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করা।বিদ্যালয় ভবন, শ্রেণিকক্ষ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ছাদ ও ড্রেন নিয়মিত পরিষ্কার রাখা।
খোলা জায়গা বা যেসব স্থানে পানি জমে মশার লার্ভা জন্ম নিতে পারে, সেগুলো নিয়মিত পরিদর্শন ও পরিষ্কার করা।
শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়াতে প্রচারণা চালানো এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে উৎসাহ দিতে বিশেষ পুরস্কারের ব্যবস্থা করা।
কমিটির গঠনতন্ত্র অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এই টিমের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া কমিটির সদস্য হিসেবে থাকবেন একজন অভিভাবক প্রতিনিধি, সংশ্লিষ্ট ওয়ার্ডের স্যানিটারি পরিদর্শক বা ইউনিয়ন পরিষদের /পৌরসভার প্রতিনিধি, দুইজন শিক্ষার্থী এবং একজন শিক্ষক সদস্য সচিব। জেলা প্রশাসন জানিয়েছে, নির্দেশনা পাওয়ার পরবর্তী পাঁচ কার্যদিবসের মধ্যেই সব শিক্ষা প্রতিষ্ঠানকে এই টিম গঠন করে কার্যক্রম শুরু করতে হবে।
এ প্রসঙ্গে জেলা প্রশাসক মিজ ফরিদা খানম বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে বড় শক্তি হলো সচেতনতা। শিক্ষার্থীদের ছোট বেলা থেকেই পরিচ্ছন্নতা ও জনস্বাস্থ্য সম্পর্কে দায়িত্বশীল করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। ডেঙ্গু মোকাবিলা কোনো একক কাজ নয় বরং এটি একটি সামাজিক আন্দোলন। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে ওঠা ‘ক্লিন স্কুল টিম’ কেবল শিক্ষা প্রতিষ্ঠানেই সীমাবদ্ধ থাকবে না বরং এই পরিচ্ছন্নতার বার্তা প্রতিটি শিক্ষার্থীর মাধ্যমে তাদের বাড়ি ও আঙিনাতেও পৌঁছে যাবে। স্বাস্থ্যকর আগামীর প্রত্যাশায় এই ধারাবাহিক উদ্যোগ আমাদের এক সুরক্ষিত সমাজ উপহার দেবে।”
সাভার উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম এবং ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল- মামুন জানিয়েছেন, জেলা প্রশাসকের এই নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসন সর্বোচ্চ তৎপর রয়েছে। খুব দ্রুতই উপজেলার প্রতিটি স্কুল ,কলেজ এবং মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে এই টিম গঠন নিশ্চিত করা হবে এবং নিয়মিত মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।
ডেঙ্গু প্রতিরোধে ঢাকার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ক্লিন স্কুল টিম’ গঠনের নির্দেশ দিলেন জেলা প্রশাসক ফরিদা খানম
