ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত ‘বাংলাদেশের ২৫টি সবচেয়ে ইমপ্যাক্টফুল প্রতিষ্ঠান’সম্মাননায় স্থান পেয়েছে বিকেএসপি

৯ জুলাই, ২০২৬(বিবিনিউজ) :ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি (রজতজয়ন্তী) উদযাপন উপলক্ষে আয়োজিত ‘বাংলাদেশের ২৫টি সবচেয়ে ইমপ্যাক্টফুল প্রতিষ্ঠান’সম্মাননায় স্থান পেয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।

গত ৫ জুলাই ঢাকায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন, কৃষি, প্রযুক্তি, শিল্প-সংস্কৃতি ও খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে দেশের উন্নয়ন এবং মানুষের জীবনমান উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখা ২৫টি প্রতিষ্ঠানকে এ সম্মাননা প্রদান করা হয়।
ব্র্যাক ব্যাংকের তথ্য অনুযায়ী, একটি স্বাধীন জুরি প্যানেল অত্যন্ত সুনির্দিষ্ট, কঠোর ও স্বচ্ছ মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর সামাজিক ও অর্থনৈতিক প্রভাব, জনকল্যাণে অবদান, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং জাতীয় উন্নয়নে দীর্ঘমেয়াদি ভূমিকা বিবেচনা করে সম্মাননাপ্রাপ্ত প্রতিষ্ঠান নির্বাচন করে।

দেশের ক্রীড়া উন্নয়ন, আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরি, আধুনিক ক্রীড়া শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সাফল্য অর্জনে দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিকেএসপি এ মর্যাদাপূর্ণ সম্মাননা লাভ করে।

অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ এর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

সম্মাননা গ্রহণ শেষে বিকেএসপির মহাপরিচালক ব্র্যাক ব্যাংকের রজতজয়ন্তী উপলক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানান। একই সঙ্গে দেশের ক্রীড়া উন্নয়নে বিকেএসপির অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করায় ব্র্যাক ব্যাংকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মো. গোলাম মাবুদ হাসান এবং হকি বিভাগের প্রশিক্ষণার্থী আইরিন আক্তার রিয়া উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment