ডেস্ক রিপোর্ট: মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগে ডেমোক্রেটিক দলের কর্মকর্তাদের ইমেইল অ্যাকাউন্ট হ্যাক হবার বিষয়টি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জ্ঞাতসারেই হয়েছে বলে দাবি করেছে হোয়াইট হাউস। প্র্রেসিডেন্ট বারাক ওবামার একজন ঘনিষ্ঠ উপদেষ্টা বেন রোডস বলেছেন, ‘আমি মনে করি না রাশিয়ার সরকার ব্যবস্থায় পুতিনের অজ্ঞাতে এত বড় ঘটনা ঘটতে পারে।’ মার্কিন কর্মকর্তারা আরো বলছেন, গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রতিবেদনে দেখা গেছে, রুশ হ্যাকাররা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যেই ওই সাইবার অ্যাটাকটি করেছিল। আর তার নির্দেশনা এসেছিল সর্বোচ্চ কোন পর্যায় থেকে।
কর্মকর্তারা আরো বলছেন, রুশ সরকারের যেকোনো কর্মকা-ের জন্য তো সরকার প্রধান হিসেবে শেষ পর্যন্ত প্রেসিডেন্টই দায়ী হবেন। তবে রাশিয়া শুরু থেকেই ওই সাইবার হামলার বিষয়ে দেশটির কোন রকম সম্পৃক্ততার কথা নাকচ করে আসছে।
নতুন করে হোয়াইট হাউস এই বিতর্কে যোগ দেবার পরে বৃহস্পতিবারও ক্রেমলিন থেকে বিষয়টিকে ভিত্তিহীন বলে নাকচ করে দেয়া হয়েছে। এমন সম্ভাবনার কথা অবশ্য নাকচ করেছেন ডোনাল্ড ট্রাম্পও। তিনি বলেছেন, নির্বাচনে মিসেস ক্লিনটন জিতলে সরকার এ নিয়ে কোন তদন্তই চালাত না। জুলাইতে উইকিলিকস ২০১৫ সালের জানুয়ারি থেকে এ বছরের মার্চ পর্যন্ত ডেমোক্রেটিক দলের সাতজন শীর্ষ নেতাসহ বিভিন্ন পর্যায়ে চালাচালি হওয়া প্রায় বিশ হাজার ইমেইল ও আট হাজার নথি ফাঁস করে। ইমেইলগুলোয় বিভিন্ন অঙ্গরাজ্যের প্রাইমারি ও ককাসের আগে বার্নি স্যান্ডার্সের প্রচারণাকে ‘ক্ষতিগ্রস্ত করার’ অভিযোগ আসে। এর জের ধরে সেসময় যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক দলের প্রধান ডেবি ওয়াজেরমেন শুলজ পদত্যাগ করেন।
মিতু/বিবি নিউজ/৫৬৮
