১১ জুলাই,২০২৬ (বিবিনিউজ):টানা ভারী বর্ষণ ও জলাবদ্ধতায় দুর্ভোগে পড়া পানিবন্দী মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে মহেশখালী উপজেলা প্রশাসন। খাদ্য সহায়তা বিতরণের পাশাপাশি দুর্গম ও জলাবদ্ধ এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে জরুরি চিকিৎসাসেবাও।
শুক্রবার মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের দক্ষিণ মগডেইল বিলপাড়া, ষাইটপাড়া, নয়াপাড়া, পশ্চিম তিতা মাঝিরপাড়া (বিলপাড়া) এবং রাজঘাট বিলপাড়া এলাকার পানিবন্দী পরিবারের খোঁজখবর নেন এবং তাদের মাঝে ২০০ প্যাকেট খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ইমরান মাহমুদ ডালিমের নেতৃত্বে উপজেলা প্রশাসন মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনা করেন।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু জাফর মজুমদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মুহাম্মদ আরমান কাদের, স্বাস্থ্যকর্মীরা,
স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের সমন্বয়ে পরিচালিত এই কার্যক্রমে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা পানিবন্দী পরিবারের সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং বিভিন্ন রোগের প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করেন। বিশেষ করে শিশু, বয়স্ক, গর্ভবতী নারী ও অসুস্থ ব্যক্তিদের অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার জানান, বিশুদ্ধ পানি ব্যবহার, পানিবাহিত রোগ প্রতিরোধ, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে স্থানীয় বাসিন্দাদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। দুর্যোগকালীন সময়ে ডায়রিয়া, জ্বর, চর্মরোগসহ বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত খাদ্য সহায়তার পাশাপাশি জরুরি চিকিৎসাসেবা অব্যাহত থাকবে। কোনো পানিবন্দী পরিবার যেন প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে। মানুষের পাশে থাকা আমাদের দায়িত্ব, আর সেই দায়িত্ব পালনেই প্রতিদিন মাঠে উপজেলা প্রশাসন, মহেশখালী।
স্থানীয় বাসিন্দারা জানান, পানিবন্দী অবস্থায় চিকিৎসাকেন্দ্রে যাওয়া অনেকের পক্ষে সম্ভব হচ্ছে না। এমন পরিস্থিতিতে বাড়ির কাছাকাছি চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার বিষয়টি সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।মানুষের দোরগোড়ায় চিকিৎসককে পৌঁছে দেওয়ার এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আস্থার সঞ্চার ঘটেছে।
