বগুড়া, ১১ অক্টোবর : বগুড়া শহরতলীর চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় যাত্রীবাহী কোচের চাকায় পিষ্ট হয়ে পিতা-পুত্রসহ ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহতরা হচ্ছেন সদরের শশবিদনী গ্রামের আবুল কালাম (৪২), তার ছেলে হৃদয় (২৬) এবং তাদের পাশ্ববর্তী রজাকপুর গ্রামের অমলের ছেলে গেদা (২২)। মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত অনুমান সোয়া ১০টার দিকে ঢাকামুখী শ্রামরী পরিবহনের একটি যাত্রীবাহী নৈশকোচ বিপরীতমুখী মোটরসাইকেলকে চাপা দিলে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। ফলে মোটরসাইকেলে থাকা আরোহী তিনজন ঘটনাস্থলে নিহত হন। স্থানীয় জনতা কোচটি আটক করে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আসলাম আলী।
