মাইক্রোবাস চালক সজিব হত্যাকারীদের গ্রেফতার এবং অপহৃত তিনজনকে উদ্ধারের দাবিতে তিন পার্বত্য জেলায় ৪৮ ঘণ্টার হরতাল পালিত হচ্ছে। পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদের ডাকে এ হরতাল পালন করা হচ্ছে।
এর আগে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ খাগড়াছড়িতে ৭২ ঘণ্টার ডাকা হরতাল প্রত্যাহার করে।
খাগড়াছড়িতে হরতালের কারণে সোমবার সকাল থেকে জেলার দূরপাল্লা ও অভ্যন্তরীণ সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। খোলেনি দোকানপাট। সকালে হরতাল সমর্থকরা মুসলিম পাড়া এলাকায় টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করে। নারিকেল বাগান সড়কে একটি ট্রাক ও একটি ইজিবাইক ভাঙচুর করা হয়। এছাড়া বিভিন্ন স্থানে পিকেটিং-এর খবর পাওয়া গেছে
খাগড়াছড়ির সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাউদ্দিন জানিয়েছেন, হরতালের কারণে যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য জেলার গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, রাঙামাটির জেলার নানিয়ারচরে দুর্বৃত্তদের গুলিতে নিহত শক্তিমান চাকমার শেষকৃত্য অনুষ্ঠানে যাওয়ার পথে গত শুক্রবার (৪ মে) সকালে একই উপজেলার বেতছড়ি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে পাঁচজন নিহত হন। তার মধ্যে মাইক্রোবাস চালক মো. সজীবও ছিলেন।
এছাড়া, গত ১৬ এপ্রিল খাগড়াছড়ি জেলার মাটিরাঙা উপজেলার তিন বাসিন্দা কাঠ ব্যবসায়ী সালাউদ্দীন, মহরম আলী ও গাড়ি চালক বাহার মিয়াকে জেলার মহালছড়ির মাইসছড়ি থেকে অপহরণ করা হয়। ১৯ দিন পার হলেও তাদের উদ্ধার করতে পারেনি প্রশাসন।
