ষ্টাফ রিপোর্টার,১৫ নভেম্বর ২০২৬(বিবিনিউজ):ঢাকার ধামরাই উপজেলার ১৩ নং কুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার জোরালো ইচ্ছা ও প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন উদীয়মান রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ আনোয়ার হোসেন (সুজন)। সম্প্রতি কুল্লা ইউনিয়নের কেলিয়া গ্রামে আয়োজিত এক উঠান বৈঠকে এলাকার সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে তিনি এই ঘোষণা দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোঃ আনোয়ার হোসেন সুজনের পরিবার দীর্ঘদিন ধরে এলাকার জনসেবা ও রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাঁর মরহুম পিতা মরহুম বাবর আলী সফলভাবে কুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া তাঁর বড় ভাই মরহুম হাবিবুর রহমান হাবিব ধামারই সরকারি কলেজের ভিপি এবং ধামরাই পৌরসভার কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে এলাকার মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।
উঠান বৈঠকে মোঃ আনোয়ার হোসেন সুজন বলেন, “আমার বাবা মরহুম বাবর আলী এবং আমার বড় ভাই এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকে আজীবন সেবা করে গেছেন। তাঁদের অসমাপ্ত কাজগুলো সম্পূর্ণ করা এবং কুল্লা ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমুখী মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে আমি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছি।”

তিনি আরও বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা, এলাকার অবহেলিত উন্নয়নমূলক কাজ ত্বরান্বিত করা এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করাই আমার মূল ব্রত। নির্বাচিত হতে পারলে আমি দলমত নির্বিশেষে সকলের সেবা করার জন্য নিজেকে উৎসর্গ করব।”উঠান বৈঠকে আরো বক্তব্য রাখেন,যুবদল নেতা রতন,সমাজ সেবক শহিদুল ইসলামসহ অনেকেই। উঠান বৈঠকটি জনসভায় পরিনত হয়েছিল।
এলাকার প্রবীণ ব্যক্তিবর্গ ও তরুণ সমাজ মনে করছেন, ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে মোঃ আনোয়ার হোসেন সুজনের এই জনকল্যাণমূলক ঘোষণা কুল্লা ইউনিয়নের নির্বাচনী রাজনীতিতে এক নতুন গতি ও ইতিবাচক আলোচনার সৃষ্টি করেছে।
