আগামীকাল সাভার সরকারি কলেজের ১ম পুনর্মিলনী॥ শিক্ষার্থীদের মহামিলন মেলায় মুখরিত হতে যাচ্ছে ক্যাম্পাস

শেখ বাশার,১৩ নভেম্বর, ২০২৬ (বিবিনিউজ): “এসো মিলি হৃদয়ের টানে” এই শ্লোগানকে সামনে রেখে ঐতিহ্যবাহী ঢাকার সাভার সরকারি কলেজে ১৪ নভেম্বর ২০২৬, শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে এক জমকালো ও বর্ণিল প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত এই স্বনামধন্য বিদ্যাপীঠের দীর্ঘ পথচলার স্মারক হিসেবে আয়োজিত এই উৎসবকে কেন্দ্র করে পুরো কলেজ ক্যাম্পাস জুড়ে এখন বইছে উৎসবের আমেজ।


কালকের এই ঐতিহাসিক মিলনমেলাকে সফল করতে কলেজ প্রাঙ্গণ সাজানো হয়েছে বর্ণিল সাজে। আয়োজকরা জানান, সকালে শিক্ষার্থীদের অভ্যর্থনা ও উপহার সামগ্রী গ্রহণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। এরপরে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে এবং কেক কেটে আনুষ্ঠানিক ভাবে উৎসবের উদ্বোধন করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন খাদ্যমন্ত্রী মিজ্ আফরোজা খানম রিতা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খেয়াম, ঢাকা-১৯ সাভার ও ধামরাই আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু এবং ঢাকা-২০ ধামারই আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ তমিজ উদ্দিন।
সারাদিনের এই বর্ণাঢ্য আয়োজনে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতা ও বাইবেল পাঠ, স্বাগত নৃত্য পরিবেশন, অতিথিদের বক্তব্য, সম্মাননা স্মারক প্রদান এবং সাংস্কৃতিক পর্বেও অংশ হিসেবে প্রাক্তন শিক্ষার্থীদের পরিবেশনা এবং আমন্ত্রিত শিল্পীদের সংগীতানুষ্ঠান ও র‌্যাফেল ড্র অন্তর্ভুক্ত রয়েছে।


সাভার সরকারি কলেজের অধ্যক্ষ ও পুনর্মিলনী উদযাপিত কমিটির আহবায়ক অধ্যাপক মোঃ আব্দুল হামিদ মোল্লা কলেজের সকল প্রাক্তন ছাত্র-ছাত্রীকে যথাসময়ে উপস্থিত থেকে অনুষ্ঠানটি সফল ও প্রাণবন্ত করে তোলার জন্য আন্তরিক ভাবে আহবান জানিয়েছেন। বিপুল সংখ্যক প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী উপস্থিত থাকবেন। এদের মধ্যে অনেকেই দেশ- এবং বিদেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে কাজ করে যাচ্ছে।
দীর্ঘদিনের চেনা আঙিনায় পুরোনো বন্ধুদের সাথে পুনরায় মিলিত হওয়ার এই আনন্দঘন মুহূর্তটি সবার হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে আশা করছেন আয়োজকরা।
আয়োজকরা আরো বলেন, সাভার সরকারি কলেজের ১ম পুনর্মিলনীর প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের এক মহামিলন মেলায় মুখরিত করে দীর্ঘ দিন যাবৎ স্থানীয় এমপি ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু স্ব শরীরে উপস্থিত থেকে কাজ করে যাচ্ছেন।

Related posts

Leave a Comment