ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের মহেশখালীতে আধিপত্য বিস্তারের জের ধরে প্রতিপক্ষের হামলায় মোহাম্মদ রিদুয়ান (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ রমজান আলী (৪০) নামের এক লবণ ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন।
বুধবার রাত সাড়ে ১১ টার দিকে মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।নিহত মোহাম্মদ রিদুয়ান কালারমারছড়া ইউনিয়নের উত্তর ঝাঁপুয়া এলাকার মোহাম্মদ আকতারের ছেলে। আহত রমজান আলী একই ইউনিয়নের নোনাছড়ি এলাকার নুরুল ইসলামের ছেলে।
মহেশখালী থানার ওসি বাবুল চন্দ্র বণিক জানান, মহেশখালীর কালারমারছড়া সন্ত্রাস প্রবন এলাকা। সেখানে বেশ কয়েকটি সন্ত্রাসী দল সক্রিয় রয়েছে। আধিপত্য বিস্তারের জের ধরে প্রতিপক্ষের লোকজন এ হামলার ঘটনা ঘটিয়েছে।
ওসি জানান, বুধবার রাত ১০টার দিকে নোনাছড়ি বাজারের লবণ ব্যবসায়ী রমজানের কার্যালয়ে ঢুকে একদল দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা রমজান আলী ও তার কর্মচারী রিদুয়ানকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে রিদুয়ান নিহত হয়। স্থানীয়রা গুলিবিদ্ধ রমজানকে আশঙ্কাজনক অবস্থায় পার্শ্ববর্তী চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরো জানান, নিহতের লাশ পুলিশ উদ্ধার করে সুরহতাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
মিতু/বিবি নিউজ/১৬০
