বগুড়ার শিবগঞ্জ উপজেলায় একটি ধানক্ষেত থেকে হাতবাঁধা চার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার আটমূল ইউনিয়নের ডাবুইর পাথার এলাকা থেকে সোমবার সকাল ১০টার দিকে এই মরদেহগুলো উদ্ধার করা হয়।
শিবগঞ্জ থানার ওসি সাহিদ মাহমুদ খান জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে সোমবার সকালে উপজেলার ডাবুইর গ্রাম থেকে লাশগুলো উদ্ধার করেন তারা। নিহতদের বয়স ৩৮ থেকে ৪০ বছরের মধ্যে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ডাবুইর গ্রামের জালাল উদ্দিন বলেন, নিহতদের প্রত্যেকের গলা ছিল কাটা, হাত পিছমোড়া করে বাঁধা। তাদের পরনে গেঞ্জি, শার্ট ও প্যান্ট ছিল।
ওসি বলেন, ওই চারজনকে অন্য কোথাও হত্যা করে ওই ক্ষেতে লাশ ফেলে যাওয়া হয়েছে কি না- সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
তবে নিহতদের মধ্যে তিনজন পাশের কাঠগড়া গ্রামের বাসিন্দা বলে নিশ্চিত করেছেন আটমূল ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল খালেক।
