স্টাফ রিপোর্টার,২ ফেব্রুয়ারি,২০২৩(বিবিনিউজ):টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে দেশে সার, বীজসহ কৃষি উপকরণের কোন দাম বাড়ানো হবে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক এমপি। দুপুরে ঢাকার সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় ব্র্যাক সিডিএম মিলনায়তনে সার্কভুক্ত দেশসমূহে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে মন্ত্রী এসব কথা বলেন।
বাংলাদেশ এগ্রিকালচারাল এক্সটেনশন নেটওয়ার্ক (বায়েন) ও ভারতের পার্টিসিপেটরি রুরাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ সোসাইটি (প্রাডিস) যৌথভাবে তিন দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করেছেন।
কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক এসময় আরও বলেন,গতকাল সারা দেশে ছয়টি সংসদীয় আসনের যে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনে বিরোধী দল অংশ গ্রহণ করেনি তাই ভোটারদের উপস্থিতি খুবই কম হয়েছিলো । কিন্তু ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে ভোটারা ঠিকই উপস্থিত হয়ে ভোট দিবে জানিয়ে তিনি আরও বলেন,আশুলিয়া ও ঢাকার ধামরাইসহ দেশের বিভিন্ন স্থানে যারা ফসলী জমি নষ্ট করে মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে তাদের বিরুদ্ধে খুব শীঘ্রই তালিকা করা ব্যবস্থা নেওয়া হবে ও যারা অবৈধ হাউজিং করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি আরও বলেন,উন্নয়ন বাধাগ্রস্ত করতে একটি মহল সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলেও বলেন তিনি।
বায়েনের সভাপতি ও কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক হামিদুর রহমানের সভাপতিত্বে প্রাডিসের সিনিয়র এডভাইজর ভিভি সাডামাতে, খাদ্য ও কৃষি সংস্থার বিশেষ প্রতিনিধি দানিয়েল গুস্তাফসন, বাংলাদেশ প্রতিনিধি রবার্ট সিম্পসন, বায়েনের সাধারণ সম্পাদক সেকান্দর আলী, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন ভূইয়া প্রমুখ বক্তব্য রাখেন।
তিন দিনব্যাপী এ সম্মেলনে ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও বাংলাদেশের ৩৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছেন।
