টাঙ্গাইলের সখীপুরে সিনহা নামের তিন বছরের এক মেয়েশিশু অপহরণের শিকার হয়েছে। শনিবার দুপুরে উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাদিঘী আতিয়াপাড়া গ্রাম থেকে শিশুটি অপহৃত হয়।
এ ঘটনায় শিশুটির চাচা রেজাউল করিম শনিবার রাতে সখীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। শিশুটির পরিবার ও থানা সূত্রে জানা যায়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বাড়িতে থাকা পোল্ট্রি মুরগী খামারের কর্মচারী আল আমীন হোসেন পাশের একটি দোকান থেকে ‘মজা’ কিনে দেওয়ার কথা বলে শিশুটিকে কোলে করে নিয়ে যায়। অনেক দেরিতেও শিশুটিকে নিয়ে বাড়িতে ফিরে না আসায় সকলের সন্দেহ হয়।
শিশুটির চাচা রেজাউল করিম জানান, সিনহার বাবা শাহাদাত হোসেন প্রবাসী। তিনি বর্তমানে সাউথ আফ্রিকা রয়েছেন। গত দেড় মাস আগে ওই বাড়ির পোল্ট্রি খামারের জন্য সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার কালাগড় গ্রামের আল আমীন হোসেনকে কর্মচারী হিসেবে রাখা হয়। শনিবার দুপুর থেকে শিশু সিনহাসহ কর্মচারী আল আমীনকে পাওয়া যাচ্ছেনা। খামারের কর্মচারী আল আমীনই শিশুটিকে অপহরণ করে নিয়ে গেছে বলে পরিবারের অভিযোগ। একমাত্র সন্তানের অপহরণের ঘটনায় মা আফরোজা আক্তার বাকরুদ্ধ হয়ে পড়েছেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আবদুল মান্নান মিঞা জানান, শিশুটিকে উদ্ধারের ব্যাপারে তিনিও তৎপর রয়েছেন। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে শিশুটির ছবি দিয়ে সন্ধান চাওয়া হয়েছে। এদিকে, অপহরণের ঘটনায় পাশের এলাকার অপর একটি পোল্ট্রি খামারের কর্মচারী সাইফুল ইসলামকে গ্রামবাসী আটক করে রেখেছে। তার বাড়ি সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলায়। সখীপুর থানার ওসি মো. মাকছুদুল আলম বলেন, অপহরণের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। শিশুটিকে উদ্ধারে তৎপরতা চালানো হচ্ছে।
