এবার ল্যাপটপের ব্যাগ থেকে ইয়াবা উদ্ধার

yeaba-tablet-নৌবাহিনীর সাবেক কর্মকর্তা আবু আফতাব এক সময় বক্সিংয়ে জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিলেন। সেই গৌরবময় দিনগুলোর কথা ভুলে গিয়ে এখন তিনি জড়িয়ে পড়েছেন মরণ নেশা ইয়াবার ব্যবসায়। ব্যবসার কাজে তাকে সহযোগিতা করেন ছেলে আল আমীনও।

গত সোমবার রাতে কক্সবাজার থেকে নিজ বাড়ি গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় ফিরছিলেন বাবা ও ছেলে। সঙ্গে ছিল ৫ হাজার ৪০০ পিস ইয়াবা। ইয়াবাগুলো ল্যাপটপের ব্যাগে ও প্যান্টের পকেটে অভিনব কায়দায় লুকানো ছিল। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই যে ব্যাগের মধ্যে ল্যাপটপ নেই, আছে ইয়াবা। কিন্তু পুলিশের চোখ ফাঁকি দিতে পারেনি তারা। নগরীর ফিরিঙ্গিবাজার ব্রিজঘাট এলাকা থেকে বাবা-ছেলে ও তাদের আরেক সহযোগীসহ তিনজনকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতার অপর ব্যক্তির নাম নীহার রঞ্জন মল্লিক। তার বাড়ি খুলনার ডুমুরিয়ায়।

নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (বন্দর) মোহাম্মদ শহীদুল্লাহ জানান, কক্সবাজার থেকে ইয়াবা কিনে গোপালগঞ্জ ও খুলনায় নিয়ে যাওয়ার পথে চট্টগ্রামে আমরা তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তারা জানিয়েছে, কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা এনজিও কর্মী নাসিমার কাছ থেকে তারা এসব ইয়াবা কিনেছেন। এদের মধ্যে দুজন গোপালগঞ্জ এবং একজন খুলনায় যাচ্ছিল।

অভিযানে থাকা নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (পশ্চিম) মইনুল ইসলাম জানান, গ্রেফতার হওয়া আফতাব মিয়া চার হাজার ইয়াবা ল্যাপটপের ব্যাগে ফোমের ভেতরে ছড়িয়ে-ছিটিয়ে রেখেছিল। তার এই কৌশল ধরতে আমাদের দুই ঘন্টারও বেশি সময় লেগেছে। বাকি দুজন প্যান্টের পকেটে ইয়াবা রেখেছিল।

গতকাল মঙ্গলবার নগরীতে পৃথক অভিযানে ৫ হাজার ৬৩২ পিস ইয়াবা ও একটি ট্রাকসহ মো. সাদ্দাম হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। নগরীর ফিরিঙ্গিবাজার ব্রিজঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ইয়াবাগুলো কক্সবাজারের টেকনাফ থেকে সংগ্রহ করে বিক্রির জন্য চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছিল বলে পুলিশ জানায়।

Related posts

Leave a Comment