সাভার ও আশুলিয়ায় বেতন বৃদ্ধির দাবিতে পুলিশ-শ্রমিক সংঘর্ষ, থমথমে পরিস্থিতি

ষ্টাফ রিপোর্টার ,৪ নভেম্বর (বিবিনিউজ):ন্যূনতম ৩০ হাজার টাকা মূল মজুরির দাবিতে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। বুধবার (৪ নভেম্বর) সকালে সাভারের হেমায়েতপুর ও আশুলিয়ার বিভিন্ন পয়েন্টে সড়ক অবরোধ করলে পুলিশ ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঢাকা-আরিচা মহাসড়কসহ আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তীব্র ভোগান্তির সৃষ্টি হয়েছে।
আজ সকালে হেমায়েতপুর-সিংগাইর রোডের পদ্মার মোড় এলাকায় স্ট্যান্ডার্ড গ্রুপের সামনে শ্রমিকরা জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনরত শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁড়ির টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। সকাল ৯টা ৫ মিনিটের দিকে শ্রমিকরা তিন ভাগে বিভক্ত হয়ে হেমায়েতপুর বাসস্ট্যান্ড, পদ্মার মোড় এবং ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন। এর ফলে মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে দুপুরের দিকে শ্রমিকদের একটি অংশ শান্ত হয়ে বাড়ি ফিরে গেলেও এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এর পর ঢাকা- –আরিচা মহাসড়কের সাভারের উলাইলে শ্রমিকরা মহাড়কে নেমে মিছিল করলে শুরু হয় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া । বন্ধ হয়ে পড়ে মহাসড়কের যানচলাচল। দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের । ।
অন্যদিকে, একই দাবিতে আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের নরসিংহপুর এলাকায় বিভিন্ন কারখানার শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের মহাসড়ক ও কারখানার গেট থেকে সরিয়ে দেন। উত্তেজনার কারণে নিরাপত্তার স্বার্থে ওই অঞ্চলের বেশ কিছু পোশাক কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভ’ইংা জানান, শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।
ঢাকা জেলার প্রশাসক মিজ ফরিদা খানম গণমাধ্যমকে জানান, সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য ১০ জন ম্যাজিস্ট্রেট মাঠে দায়িত্ব পালন করছেন।
বর্তমানে পরিস্থিতি শান্ত করার জন্য শিল্প পুলিশ, থানা পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাভার ও আশুলিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে।

Related posts

Leave a Comment