কক্সবাজার,৬ জানুয়ারি : কক্সবাজারের অদূরে গভীর সমুদ্র থেকে ৫ লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং ৮ ইয়াবা পাচারকারীকে আটক করেছে র্যাব।
আটক ব্যক্তিরা হচ্ছে- মো.কালু মাঝী (৪৫), মো: রফিক (৫২), মো, রফিক (৪৫), মো. হাসান (৩০), হাসমত আলী (৩৫), নুরুল আলম (৩৭) মো. নাসির (৪৫) এবং মজিবুল ইসলাম (৪০)। তারা সবাই চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
র্যাব-৭ সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ এর একটি দল শুক্রবার সকাল ৭ টায় কক্সবাজারের অদূরে গভীর সমুদ্রে একটি মাছ ধরার ট্রলারকে ধাওয়া করে। পরে ট্রলারটি তল্লাশী করে ট্রলারে মাছ রাখার প্রকোষ্ঠের ভেতর সুকৌশলে লুকিয়ে রাখা ৫ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা পরিবহণের দায়ে ট্রলারটি জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ১৫ কোটি টাকা জানাগেছে।
র্যাব ৭ এর কক্সবাজার কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে, জব্দকৃত এসব ইয়াবার মালিক চট্টগ্রামের পটিয়া উপজেলার মুরালী গ্রামের মো. ইউসুফ আলী। তাকে আটকের চেষ্টা চলছে।
কক্সবাজারের অদূরে সমুদ্র থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার : আটক ৮
