জলঢাকায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

নীলফামারী, ১৫ অক্টোবর : জেলার জলঢাকা উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার খুটামারা ইউনিয়নের রাজারহাট গ্রামের বটতলী নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো, উপজেলার খুটামারা ইউনিয়নের রাজারহাট বাবু পাড়া গ্রামের গণেশ চন্দ্র রায়ের মেয়ে প্রাপ্তি রায় (৪), একই গ্রামের দীজেন্দ্র নাথ রায়ের মেয়ে ববিতা রানী রায় (৫)।
পারিবারিক সুত্র জানায়, উপজেলার কাঁঠালী ইউনিয়নের দক্ষিণ দেশিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আনিতা রাণী রায়ের মেয়ে নিহত প্রাপ্তি রায়।

 

সে প্রায় প্রতিদিনই মায়ের সঙ্গে বিদ্যালয়ে গিয়ে সময় কাটাতো। আজ সকালে তার মা বিদ্যালয়ে যাওয়ার আগেই প্রতিবেশি ববিতা রানীর সঙ্গে বিদ্যালয়ের দিকে যায় প্রাপ্তি। পথে রাজারহাট গ্রামের বটতলী নামক স্থানে ওই দুই শিশু একটি পুকুরে পড়ে যায়।

 

এলাকার লোকজন তাদের পুকুরে পড়ার বিষটি বুঝতে পেরে এগিয়ে এসে উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
খুটামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ শামীম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি সকাল সাড়ে ৯টার দিকে ঘটেছে।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিহত দুই শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছেন। এমন মৃত্যুতে পুলিশের অনুমতির প্রয়োজন হয় না।

Related posts

Leave a Comment