
২৫ এপ্রিল, ২০২০(বিবিনিউজ):করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তকরণে নমুনা পরীক্ষা শুরু করেছে সাভারে অবস্থিত বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট। শনিবার থেকে স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে পাওয়া নমুনা পরীক্ষার কাজ শুরু করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন এই গবেষণা প্রতিষ্ঠান।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকার ধামরাই ও পাশ্ববর্তী এলাকা থেকে পাওয়া ১৯টি নমুনা পরীক্ষার কাজ ইতিমধ্যে শুরু করেছে প্রতিষ্ঠানটি। প্রতিদিন ৩০০টি নমুনা পরীক্ষা করার সক্ষমতা রয়েছে এই পরীক্ষাগারের।
করোনাভাইরাস শনাক্তকরণে সাভার ও পার্শ্ববর্তী এলাকাগুলো থেকে পাওয়া নমুনা পরীক্ষার জন্য স্বাস্থ্য অধিদপ্তর ২০ এপ্রিল চিঠির মাধ্যমে প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালককে অনুরোধ জানায়। পিসিআর কিট ও অন্যান্য আনুষঙ্গিক সহায়তা স্বাস্থ্য অধিদপ্তর সরবরাহ করবে বলেও চিঠিতে জানানো হয়। এর আগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের উদ্যোগে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের ল্যাবকে নির্বাচনে স্বাস্থ্য অধিদপ্তরকে অনুরোধ জানানো হয়।
নমুনা সংগ্রহ, গবেষণাগারে পাঠানো ও শনাক্তকরণ এবং ডেটা এন্ট্রি ও ডকুমেন্ট তৈরিসহ সার্বিক কাজের জন্য ইনস্টিটিউটের বিজ্ঞানী ও কর্মচারীদের সমন্বয়ে ১৪ সদস্যের একটি দল গঠন করা হয়েছে। এ সংক্রান্ত পুরো কার্যক্রম সমন্বয়, তত্ত্বাবধান ও সহায়তার জন্য ছয় সদস্যের একটি তদারক দল গঠন করেছে প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট।
