কলকাতার বেশ কয়েকজন নায়িকার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন দুই বাংলার ভাইজান খ্যাত শাকিব খান। সে জুটিগুলো দারুণ জনপ্রিয় হয়েছিল। ‘নাকাব’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো টালিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা নুসরাত জাহানের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি।
সিনেমাটির স্থিরচিত্র অনলাইনে প্রকাশ হলেও মঙ্গলবার প্রথমবারের মতো একটি ভিডিও গান ইউটিউবে প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। ‘তোর হাঁটা চলা’ শিরোনামের গানটি ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। প্রসেনের কথায় সুর-সঙ্গীত করেছেন দেব সেন। কণ্ঠ দিয়েছেন আরমান মালিক ও প্রষ্মিতা পাল। গানটি ইতোমধ্যেই ১০ লাখের উপর ভিউ হয়েছে ইউটিউবে। দর্শকরাও নতুন জুটিকে নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন।
সিনেমাটি পরিচালনা করছেন রাজীব বিশ্বাস। ‘মাস্ক’ নামে এই সিনেমার শুটিং শুরু হলেও পরবর্তীতে নাম পরিবর্তন করে ‘নাকাব’ রাখা হয়। সিনেমায় দ্বৈত চরিত্রে দেখা যাবে শাকিবকে। নুসরাত ছাড়া আরও একজন নায়িকা রয়েছেন। তিনি হলেন সায়ন্তিকা।
অনেকটা ভৌতিক ধাঁচের এই সিনেমায় দেখা যাবে, মৃত মানুষের সঙ্গে দেখা ও কথা বলতে পারেন শাকিব। যখন শাকিব ভূতের সঙ্গে দেখা করতে যান ভূত তারই অবয়ব ধারণ করে।
পাশাপাশি জোড়া খুনের অভিযুক্ত হিসেবে দেখা যাবে শাকিবকে।একজন ইন্সপেক্টর কেসটির তদন্ত শুরু করেন। তিনি কি রহস্য উন্মোচন করতে পারবেন? ভূতেরা কী শাকিবকে সাহায্য করবে? এমন নানা প্রশ্ন নিয়েই সিনেমার গল্প এগিয়ে যায়।
