বউ ফিরিয়ে এনে না দেয়ায় বাবা জব্বার আলীকে (৬৫) কুপিয়ে হত্যা করেছে ছেলে। শনিবার গভীর রাতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কাচিনা গ্রামে এ ঘটনা ঘটেছে। রবিবার সকালে ঘাতক সন্তান বিল্লাল হোসেনকে (২৮) আটক করেছে পুলিশ।
কালিহাতী থানার ওসি মীর মোশারফ হোসেন বলেন, বিল্লাল হোসেনের স্ত্রী কিছুদিন পূর্বে বাড়ি থেকে চলে যায়। বউকে ফিরিয়ে আনার জন্য বিল্লাল হোসেন তার বাবাকে চাপ প্রয়োগ করে। এতে তাদের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। শনিবার রাতে জব্বার আলী ঘর থেকে বাইরে আসলে বিল্লাল হোসেন তাকে কুপিয়ে হত্যা করে।
সকালে জব্বার আলীর লাশ ময়না তদন্তের জন্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের নেয়া হয়। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুকুর মামুদ বলেন, বিল্লাল হোসেনের অত্যাচারে তার বউ চলে গেছে।এর আগেও সে এলাকায় বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটিয়েছে।
