বগুড়ার শাহজাহানপুর উপজেলায় ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১১ জন।
উপজেলার বীরগ্রাম এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনায় ঘটে। আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেডিকেল ফাঁড়ির সাব ইন্সপেক্টর আব্দুল আজিজ মণ্ডল বলেন, বগুড়া থেকে যাত্রী নিয়ে একটি লেগুনা নন্দীগ্রাম উপজেলায় যাচ্ছিল। এসময় বগুড়াগামী একটি খালি ট্রাক পারতেখুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনাকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে লেগুনার ১৫ যাত্রী গুরুতর আহত হয়।
বগুড়ার হাইওয়ে পুলিশ ও কুন্দারহাট ফাঁড়ির সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। পরে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়।
হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার পরপরই প্রায় আধাঘণ্টা বগুড়া-নাটোর মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়।
