চাঁদপুরে হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

adalotচাঁদপুরের শাহরাস্তি উপজেলার পূর্ব উপলতা গ্রামে ভাতিজি রুমা আক্তার নামের এক তরুণীকে শ্বাসরোধে হত্যা করার দায়ে চাচি জান্নাতুল ফেরদৌস মায়া ও জহিরুল ইসলাম নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমদ বৃহস্পতিবার দুপুরে আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত জান্নাতুল ফেরদৌস মায়া উপজেলার পূর্ব উপলতা গ্রামের মৃত পুলিশ সদস্য হুমায়ুন কবিরের স্ত্রী এবং জহিরুল ইসলাম একই গ্রামের তাজুল ইসলামের ছেলে। জহিরুল পেশায় ইলেকট্রিশিয়ান। হত্যার শিকার রুমা উপজেলার উপলতা গ্রামের আনা মিয়ার মেয়ে।

২০১৬ সালের ২৪ মার্চ রাতে জান্নাতুল ফেরদৌস মায়াকে জহিরুল ইসলামের সাথে আপত্তিকর অবস্থায় দেখে ফেলার কারণে রুমা আক্তারকে শ্বাসরোধে হত্যা করা হয়। এই ঘটনায় রুমার বাবা আনা মিয়া জান্নাতুল ফেরদৌস মায়া ও জহিরুল ইসলামকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা শাহরাস্তি থানার তৎকালীন এসআই মো. আব্দুল মান্নান ২০১৬ সালের ২৫ আগস্ট আদালতে চার্জশির্ট দাখিল করেন। মামলাটি দীর্ঘ দুই বছর চলমান অবস্থায় আদালত ১৬জন সাক্ষীর মধ্যে ১৫জনের সাক্ষ্য গ্রহণ করেন এবং আসামিরা তাদের অপরাধ স্বীকার করায় মৃত্যুদণ্ড প্রদান করা হয়।

Related posts

Leave a Comment