দিয়া ইসলাম , সাভার : ঢাকার ধামরাইয়ে গত তিনদিন আগে ব্যাটারি চালিত দুই অটোরিকশা চালককে গলা কেটে ও পিটিয়ে হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতে মঙ্গলবার আবারো এক কৃষককে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এঘটনায় ধামরাইয়ের সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
এলাকাবাসী জানায় মঙ্গলবার রাতে ধামরাইর বড়চন্দ্রাইল এলাকার কৃষক সমিজ উদ্দিনকে (৫৫) নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃত্তরা। পরে সকালে একটি কবরস্থানের পাশে তার ক্ষত-বিক্ষত লাশ দেখে এলাকাবাসী ধামরাই থানা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ বলছে, কী কারণে দুর্বৃত্তরা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, গত তিন দিন আগে ধামরাইর সীতি ও কালামপুর এলাকায় ব্যাটারি চালিত দুই অটোরিকশা চালককে গলা কেটে ও পিটিয়ে হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতে মঙ্গলবার আবারো এক কৃষককে পিটিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা।
এছাড়া গত ১০ দিন আগে ধামরাইর শ্রীরামপুর এলাকায় একটি পরিত্যক্ত কারখানার ভিতরে দুই নিরাপত্তাকর্মীকে গলা কেটে হত্যা করলেও এখন পর্যন্ত এ চারটি খুনের ঘটনায় কাউকে শনাক্ত করেকে আটক করতে পারেনি।
স্থানীয়দের অভিযোগ, ধামরাইর এখন খুনের নগরীতে পরিণত হয়েছে। অপরাধীরা অপরাধ করে পার পেয়ে যাচ্ছে। স্থানীয়রা রাত হলে আর আতঙ্কে বাড়ি থেকে বেড় হচ্ছে না।
এবিষয়ে ধামরাইর থানার ওসি শেখ রিজাউল হক দিপু বলেন, কৃষকের খুনিদের আটক করার প্রক্রিয়া চলছে।
অন্যদিকে বুধবার সকালে সাভারের নামা গেন্ডা এলাকার নিজ ভাড়া বাড়ির চারতলা ফ্ল্যাট থেকে সাভার মডেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মঞ্জুয়ারা বেগমের লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় ধামরাই ও সাভার মডেল থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।
