পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের গুধিঘাটায় বেইলি ব্রিজ ভেঙ্গে দুটি ট্রাক খালে পড়ে যায়। ঘটনাস্থলেই একজন হেলপার নিহত হয়।
আজ সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আসাদুল। তার বাড়ী সাতক্ষীরা সদর উপজেলায়।
প্রত্যক্ষদর্শী জানায়, আজ সকাল সাড়ে সাতটার দিকে সাতক্ষীরা থেকে মঠবাড়িয়া যাবার পথে পাথর বোঝাই দুটি ট্রাক একই সাথে ব্রিজের উপর উঠলে ব্রিজটি সম্পূর্ণ ভেঙ্গে দুটি ট্রাকই খালে পড়ে যায়।এসময় একটি ট্রাকের হেলপার মারা যান।
পিরোজপুর জেলার ফায়ার সার্ভিসের ডিএডি মতিয়ার রহমান জানন, মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। গাড়ির হেলপার আসাদুলকে মৃত অবস্থায় ফায়ার ব্রিগেডের কর্মীরা উদ্ধার করেছে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, পাথরবোঝাই দুটি ট্রাক বেইলি ব্রিজে একসাথে ওঠার পর এই দুর্ঘটনা ঘটে।। ট্রাক দুটির চালক বের হতে পারলেও হেলপার আসাদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যায়।
সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মতিউর রহমান জানান, ব্রীজটির ধারণ ক্ষমতা ৫ টন ছিল। পাথরবোঝাই দুটি ট্রাক প্রায় ২৫ টন হওয়ায় ব্রীজটি ভেঙ্গে পড়েছে।
উল্লেখ্য এই ব্রীজটি দুই মাস পূর্বে প্রায় পনেরো দিনের জন্য বন্ধ রাখা হয়। তখন এর সংস্কার কাজ করা হয়েছিল।
