ধামরাইয়ে চাঁদাবাজিকালে দুই পুলিশ সদস্য আটক


স্টাফ রিপোর্টার,১৩ আগস্ট,২০২১(বিবিনিউজ ):ধামরাইয়ে ওয়ালটনের ফ্রিজ বাহী ট্রাক থামিয়ে চাঁদাবাজিকালে এক সহযোগীসহ দুই পুলিশ সদস্যকে আটক করেছে পুলিশ। রাতে ওই ট্রাকের চালক আনোয়ার হোসেন বাদী হয়ে একটি মামলা (নং-২৩) দায়ের করেন ধামরাই থানায়। রাতে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের ইসলামপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত পুলিশ সদস্যরা হলেন, পুলিশ কনস্টেবল মো: রমজান আলী। সে মানিকগঞ্জ জেলার ঘিওর থানার বামনা গ্রামের আব্দুল খালেকের ছেলে। আটক অপর পুলিশ সদস্যের নাম মো: সোহেল রানা। সে ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের আমছিমুর নয়াপাড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে। তাদের সহযোগী হিসেবে ছিলেন বালিয়া ইউনিয়নের হরিদাসপুর গ্রামের সোহেল রানা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনারদিন রাতে গাজীপুরের চন্দ্রা থেকে ওয়ালটনের ফ্রিজ বোঝাই করে পটুয়াখালীর বাউফলের উদ্যেশ্যে রওনা হন চালক আনোয়ার হোসেন ও তার সহযোগী। রাত দুইটারদিকে ধামরাইয়ের ইসলামপুর বাসস্ট্যান্ডের দিকে আসলে পুলিশের পোশাক পরা অবস্থায় অভিযুক্তরা তাদেরকে থামার নির্দেশ দেয়। এসময় পুলিশের সিগনাল মনে করে ট্রাক থামালে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে অভিযুক্তরা। চাঁদা না নিলে তাদেরকে সড়কে ফেলে মারধর করা শুরু করেন তারা। এতে তারা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দৌড়ে আসে। একইসঙ্গে থানা পুলিশের টহল দলও এসে অভিযুক্তদের আটক করে।
জানা যায়, রমজানকে এর আগেও মাদকের দায়ে পুলিশ থেকে বহিষ্কার করা হয়েছিলো। সম্প্রতি সাজা কাটানো শেষ করার পর চট্টগ্রামের কাজীপাড়ায় পোস্টিং পায় সে। ঘটনারদিন রাতে সেখানে যোগ দিতে যাবার পথেই আরেক অপকর্মে জড়িয়ে আটক হলো সে। এ বিষয়ে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি) আতিক রহমান বলেন, আটককৃতদের নামে মামলা দায়েরের পর তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

Related posts

Leave a Comment