চিত্রনায়িকা পরীমনি কাশিমপুর কারাগারে


১৩ আগস্ট,২০২১(বিবিনিউজ ): মাদক মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা পরীমনিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে প্রিজন ভ্যানে করে তাঁকে সেখানে নেওয়া হয়। এ সময় তাঁকে দেখার জন্য উৎসুক জনতা কারাফটকে ভিড় করে।

কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের কারা তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) আবদুল জলিল পরীমনিকে কারাগারে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পরীমনিকে মহিলা কারাগারের ভেতরে রজনীগন্ধা ভবনের করোনা আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে।

পরীমনিকে কাশিমপুর কারাগারে নেওয়ার খবরে বিকেল থেকেই সেখানে শত শত মানুষ ভিড় করে। সন্ধ্যা ৭টার দিকে পরীমনিকে বহনকারী প্রিজন ভ্যানটি কারাগারে প্রবেশ করে।

কোনাবাড়ি পারিজাত এলাকার কারখানা শ্রমিক শারমিন আক্তার বলেন, ‘পরীমনির অনেক ছবি দেখেছি। কিন্তু, বাস্তবে তারে দেখি নাই। মনে করেছিলাম, আজকে দেখতে পারব। কিন্তু গাড়ির ভেতরে থাকায় তাকে দেখা হইল না।’

গাজীপুরের কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, সন্ধ্যা ৭টার দিকে পরীমনিকে কাশিমপুর মহিলা কারাগারে নিয়ে যাওয়া হয়। এ সময় কারাফটকে মানুষের ভিড় সামলাতে পুলিশ মোতায়েন করা হয়।

মাদক মামলায় গ্রেপ্তার পরীমনির জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ আদেশ দেওয়া হয়। পরীমনির সহযোগী আশরাফুল ইসলাম ওরফে দীপুরও জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

দুদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার বেলা ১১টা ৪০ মিনিটে পরীমনিকে একটি মাইক্রোবাসে করে হাজতখানায় আনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এর আগে বনানী থানায় করা মাদক মামলায় পরীমনিকে মঙ্গলবার দুদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত।

৪ আগস্ট পরীমনিকে গ্রেপ্তার করে র‍্যাব। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মামলার বাদী হলেন র‍্যাব-১-এর কর্মকর্তা মো. মজিবর রহমান। এ মামলায় মজিবর অভিযোগ করেন, ৪ আগস্ট তিনিসহ র‍্যাব-১-এর সদস্যরা গুলশান-১ গোলচত্বরে অবস্থান করছিলেন। বিকেল ৪টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, বনানীর একটি বাসায় পরীমনি তাঁর সহযোগী আশরাফুল ইসলামের মাধ্যমে বিদেশি মদ সংগ্রহ করে মজুত রেখেছেন। তাঁরা বাসায় অবস্থান করছেন।

পরে পঞ্চম তলায় অভিযান চালিয়ে পরীমনির বাসা থেকে র‍্যাবের নারী সদস্যদের সহায়তায় তাঁকে আটক করা হয়। বাসার একটি কক্ষের কাঠের ফ্রেমের ভেতর থেকে বিদেশি মদ জব্দ করা হয়। এ ছাড়া একটি সাদা জিপারে রাখা চার গ্রাম আইস বা ক্রিস্টাল মেথ জব্দ করা হয়। আরও জব্দ করা হয় এক ব্লট এলএসডি মাদক। পরীমনির বাসা থেকে জব্দ বিদেশি মদসহ অন্যান্য মাদকের মোট দাম দেখানো হয়েছে ২ লাখ ৭ হাজার টাকা।

Related posts

Leave a Comment