
সাভার প্রতিনিধি:জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পে অপরিকল্পনা ও দুর্নীতির বিরুদ্ধে তিন দফা দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের দুই দফা দাবি মেনে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ তিন দফা দাবির বাকি দাবি টি নিয়ে বিশ্ববিদ্যালয়েরউপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলামের সাথে আলোচনা হওয়ার কথা রয়েছে আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে। বিকেল চারটায় উপাচার্যের নতুন প্রশাসনিক ভবনে এ আলোচনা হওয়ার কথা রয়েছে। আজকের দাবিটি হলো দুর্নীতির অভিযোগের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন।
এদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগকে এক কোটি টাকা দেওয়া নিয়ে ছাত্রলীগ ও উপাচার্যের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য পাওয়া গেছে । এবিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছ থেকে কোটি টাকা পাওয়ার বিষয়টি গণমাধ্যমে স্বীকার করার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। মুঠোফোনে তিনি সাংবাদিকদের বলেন আমি এখন আতঙ্কের মধ্যে রয়েছি। এদিকে উপাচার্য দাবি করেছেন টাকা দেওয়ার বিষয়টি সাদ্দাম হোসেন প্রমাণ না করতে পারলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে গতকাল রাতে উপাচার্য বিরোধী এক সহ-উপাচার্যসহ ছয় শিক্ষক ও তিন ছাত্রলীগ নেতার মুঠোফোন সুবিধা বন্ধ হয়ে গিয়েছিলো বলে অভিযোগ উঠেছে। পরে কয়েক ঘন্টা পরে তাদের মোবাইল ফোন সচল হয়।
