০৩ মার্চ ২০২২(বিবিনিউজ ):সাভারে মিছিল থেকে পুলিশের উপর হামলার অভিযোগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ৫০ জন নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। বৃহষ্পতিবার সকালে সাভার মডেল থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন বলে জানিয়েছেন মডেল থানার ওসি তদন্ত মোমেনুল ইসলাম। এঘটনায় পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বিএনপি নেতা বনগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুল ইবনে হাসিব সোহেলসহ তিনজনকে আটক করেছে।
পুলিশ জানায়, দ্রব্যমুলের উর্ধ্বগতি ও বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বুধবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করে ঢাকা জেলা বিএনপির নেতাকর্মীরা। এসময় বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিক্ষোভ মিছিলে পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের প্রচন্ড বাকবিতÐা হয়। পরে বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে পুলিশসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়। পরে পুলিশের উপর হামলা ও রাষ্ট্রীয়কাজে বাধা প্রদানের অভিযোগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে প্রধান আসামী করে মামলা দায়ের হয়। অন্যান্য আসামীরা হচ্ছেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট নিপুন রায়, সাবেক এমপি সালাউদ্দিন বাবুসহ আরো অজ্ঞাত ৫০জন। মামলা দায়েরের পরেই পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বনগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা সাইদুল ইবনে হাসিব সোহেলসহ তিনজনকে আটক করেছে।
এ ব্যাপারে সাভার মডেল থানার ওসি তদন্ত মোমেনুল ইসলাম বলেন, মামলার অন্য আসামীদেরকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে। #
সাভারে বিএনপি’র যুগ্ম মহাসচিব রিজভীসহ ৫০ জনের নামে মামলা,গ্রেফতার ৩
