ঝিনাইদহ, ময়মনসিংহ ও গাইবান্ধায় ‘বন্দুকযুদ্ধে’ তিন মাদক ব্যবসায়ী এবং ডাকাত নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত এবং রবিবার ভোরে এ ঘটনা ঘটে।
ঝিনাইদহ: শহরের পবহাটি জামতলায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দু্জন নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে দুটি ওয়ান শুটার গান, ২ রাউন্ড গুলি, ৫৫ বোতল ফেনসিডিল, একশ ৫২ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল উদ্ধার করে র্যাব।
র্যাবের দাবি নিহতরা মাদক ব্যবসায়ী ও তাদের বিরুদ্ধে মাদকের মামলা আছে। তারা হলেন- ঝিনাইদহ শহরের বাঘা যতীন সড়কের রহিম বক্সের ছেলে সাজ্জাদুল ইসলাম (৪২) ও উদয়পুর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক (৪০)। এ সময় র্যাবের দুজন আহত হয়েছেন।
র্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার গোলাম মোর্শেদ জানান, রাতে র্যাবের একটি টহল দল পবহাটি জামতলায় চেক পোস্ট বসিয়ে তল্লাশি করছিল। এসময় কয়েকটি মোটরসাইকেল আসতে দেখে থামার নির্দেশ দেয়া হয়।
কিন্তু মোটরসাইকেল আরোহীরা র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র্যাবও পাল্টা গুলি করে। পরে উভয় পক্ষের মধ্যে ২০-২৫ মিনিট ‘বন্দুকযুদ্ধ’ হয়। এক পর্যায়ে আরোহীরা পিছু হটে।
ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
গাইবান্ধা: পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ছামছুল হক (৩৮) নামে ডাকাতি মামলার এক আসামি নিহত হয়েছেন। পলাশবাড়ী উপজেলার সাকোয়া ব্রিজ এলাকায় রবিবার ভোরে এ ঘটনা ঘটে।
ছামছুলের বাড়ি উপজেলার বেতকাপা ইউনিয়নের সাকোয়া গ্রামে। তিনি আন্তজেলা ডাকাত দলের সদস্য ও একাধিক ডাকাতি মামলার আসামি ছিলেন।
গাইবান্ধা সদর থানার ওসি খান মো. শাহারিয়ার বলেন, গাইবান্ধা সদর ও সাদুল্লাপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে শনিবার দুপুরে ঢোলভাঙ্গা বাজার এলাকা থেকে ছামছুলকে গ্রেফতার করে।
তাকে হাজতে জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেয়া তথ্য মতে অস্ত্র উদ্ধার ও অন্য সঙ্গীদের আটক করতে তাকে নিয়ে সাকোয়া গ্রামে পুলিশ রবিবার ভোর রাতে অভিযানে যায়। এসময় তাকে ছিনিয়ে নিতে তার সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে। এক পর্যায়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ছামছুল গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
ওসি আরও জানান, ছামছুল আন্তজেলা ডাকাত দলের সদস্য ছিলেন। তার বিরুদ্ধে গাইবান্ধা সদর, সাদুল্লাপুর ও পলাশবাড়ীসহ বিভিন্ন থানায় একাধিক হত্যা ও ১২টি ডাকাতি মামলা রয়েছে।
ময়মনসিংহ: ঈশ্বরগঞ্জের আঠারবাড়িতে শনিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে পুলিশের সঙ্গে ’বন্দুকযুদ্ধে’ ফারুক মিয়া (৩১) নামে একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি নিহত ফারুক মাদক ব্যবসায়ী। তিনি ঈশ্বরগঞ্জের আঠারবাড়ি তেলুয়ারি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। ওসি আহমেদ কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
