গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় প্রায় দুই যুগ আগে শ্রমিক নেতা বিল্লাল হোসেন ওরফে বিলু (৪৫) হত্যা মামলায় ১৩ জনের ফাঁসির রায় দিয়েছে আদালত।
গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মোঃ ফজলে এলাহী ভূইয়া সোমবার দুপুর সোয়া ১২টার দিক এ রায় দেন।
এ আদালতের অতিরিক্ত পিপি মকবুল হোসেন কাজল জানান, রায় ঘোষণার সময় সাত আসামি আদালতে উপস্থিত ছিলেন, বাকিরা পলাতক। এছাড়া মৃত্যুদণ্ডের পাশাপাশি বিচারক প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন।
মামলা সূত্রে জানা যায়, কালীগঞ্জ উপজেলার ঈশ্বরপুর গ্রামে ১৯৯৫ সালে বিল্লাল হোসেন খুন হন। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।
পরে পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ১৩ জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানির পর আজ ওই মামলার রায় ঘোষণা করা হয়। এতে ১৩ আসামিকেই মৃত্যুদণ্ড দেয়া হয়।
