দিয়া ইসলাম : ঢাকার ধামরাই উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল-আরোহী এক নারীর মৃত্যু হয়েছে; এ দুর্ঘটনায় আহত হয়েছেন তার স্বামী। নিহত মৌসুমী বেগম (২৮) টাঙ্গাইলের নাগরপুর থানার মির্জাপুর গ্রামের মোবারক হোসেনের স্ত্রী।
ধামরাইয়ের কাওয়ালীপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের এসআই মো. রাসেল মোল্লা জানান, মঙ্গলবার সকালে মির্জাপুর থেকে মোটরসাইকেলে করে স্বামী-স্ত্রী ধামরাইয়ের দিকে আসছিলেন। চৌরাস্তা এলাকায় পৌঁছালে একটি মাটির ট্রাকের ধাক্কায় দুইজনই ছিটকে পড়েন। এ সময় ট্রাকের চাকা মৌসুমীর মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তিনি আরো বলেন, দুর্ঘটনায় মৌসুমীর স্বামী মোবারক হোসেন গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে গেছে বলে তিনি জানান।
