দিয়া ইসলাম , সাভার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে বিদ্যুৎ এই স্লোগানকে সামনে রেখে সাভারের আশুলিয়ায় ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর উদ্যোগে স্পট মিটারিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আশুলিয়ায় ইউনিয়ন পরিষদে রবিবার সকালে এ স্পট মিটারিং কার্যক্রমের উদ্বোধন করেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শাহাব-উদ্দিন মাদবর।
বাংলাদেশ নিম্ন-মধ্যবিত্ত আয়ের দেশ হতে মধ্যবিত্ত আয়ের দেশে উন্নতি হওয়ায় পুরো মার্চ মাস জুড়ে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ কর্তৃক স্পট মিটারিংয়ের আয়োজন করা হয়েছে। স্পট মিটারিংয়ের মুল উদ্দেশ গ্রাহকদের দালালদের হয়রানির হাত থেকে রক্ষা করা। স্পটে টাকা জমা নিয়ে সাথে সাথে মিটার লাগানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি।
আজ পাঁচ শতাধিক পরিবারের মাঝে এ বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। এ ঘটনায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা পল্লী বিদ্যুৎ-১ এর আশুলিয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল কুদ্দুস, সহকারী জেনারেল ম্যানেজার সদস্য সেবা প্রকৌশলী মাহফুজুর রহমান খাঁন, সহকারী জেনারেল ম্যানেজার অসিত কুমার শিকদার, আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক, ইউপি সদস্য রুহুল আমিন মন্ডলসহ আরো অনেকে।
