রাজধানীর মিরপুরে একটি বাসায় গ্যাসের চুলা থেকে আগুন লেগে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছে। এতে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বুধবার রাত ৯টার দিকে মিরপুরের ২ নম্বর সড়কে একটি চারতলার ফ্যাটে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, ফ্ল্যাটের বাসিন্দা মো. আব্দুল মালেক (৩৫), তার স্ত্রী রীনা বেগম (৩০), তাদের শিশু মেয়ে আফরিদা আকতার ফাতেমা, রীনার বোন আরজু বেগম (২৮) এবং তার স্বামী নজরুল ইসলাম।
বুধবার রাত ১০টার দিকে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া।
চিকিৎসকের বরাত দিয়ে বাচ্চু মিয়া আরও জানান, ১১ মাস বয়সী ফাতেমার শরীরের ৪৭ শতাংশ এবং তার খালা আরজুর দেহের ৮৫ শতাংশ পুড়ে গেছে। তারা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
