জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে বেরোবি’তে মানববন্ধন

manobরংপুর, ৪ মার্চ : বিশিষ্ট লেখক ও বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক ড. মোহাম্মদ জাফর ইকবালের ওপর হামলার তীব্র প্রতিবাদের অংশ হিসেবে আজ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)-তে মানববন্ধন ও তার লেখা বই পড়া কর্মসূচি পালিত হয়।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ’রণন’ এবং ’গুনগুন’ ও উদীচী শিল্পী গোষ্ঠীর বেরোবি শাখার আয়োজনে দুপুরে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল চত্বরে লেখক অধ্যাপক ড. মোহাম্মদ জাফর ইকবালের ওপর নৃশংস হামলার প্রতিবাদে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও ’রণন’ এর সভাপতি ড. তুহিন ওয়াদুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানবন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক ও ’গুনগুন’ এর সভাপতি উমর ফারুক, সহকারী অধ্যাপক আপেল মাহমুদ, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শফিকুর রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তাবিউর রাহমান প্রধান, বেরোবি শাখা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি ওয়াদুদ সাদমান এবং ’রণন’ এর সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেরোবি শাখা উদীচীর সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।
এসময় ড. তুহিন ওয়াদুদ বলেন, অধ্যাপক জাফর ইকবাল বিশেষ করে এদেশের তরুণ-কিশোরদের মেধা- মনন গঠনের ক্ষেত্রে তার লেখার মধ্য দিয়ে বিপূল অবদান রেখে যাচ্ছেন। তা বন্ধ করতেই এ হামলা হয়েছে। শিক্ষার্থীদের পাঠক্রমে প্রগতিবাদী দর্শনের প্রতিফলন না হলে এ সব হামলা আরও বাড়তে পারে বলে তিনি আশংকা প্রকাশ করেন। তিনি সকল হামলাকারীদের দ্রুত আটক ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উমর ফারুক বলেন, অধ্যাপক জাফর ইকবাল বাংলদেশের প্রতিনিধিত্ব করেন। দেশ সঙ্কটে পড়লে তার কাছে পরামর্শ চাওয়া হয়। তারই জীবন যখন অনিরাপদ তখন সাধারণদের জীবনের নিরাপত্তার কথা ভাবাও যায় না।
আলোচনা সভায় বক্তারা জাফর ইকবালের দ্রুত সুস্থতা কামনা করেন এবং অপরাধী চক্রকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধন শেষে ’রণন’ ও ’গুনগুন’ এর আয়োজনে জাফর ইকবালের লেখা বিভিন্ন বই থেকে পড়া কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয় হেয়াত মামুদ ভবনের দক্ষিণ চত্বরে।

Related posts

Leave a Comment