সাভারে আপন বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে হত্যা চেষ্টার অভিযোগ


শেখ এ কে আজাদ,১৮ সেপ্টেম্বর, ২০২৬ (বিবিনিউজ):ঢাকার সাভারে পারিবারিক কলহের জেরে আপন বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে বেধড়ক মারধর ও শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে থানায় অভিযোগটি দায়ের করেন জামসিং সোলেমান মার্কেট এলাকার বাসিন্দা মোঃ বাবুল (৩৮), পিতা মৃত ইউসুফ আলী। অভিযুক্ত তার আপন বড় ভাই মোঃ জলিল (৪২), পিতা মৃত ইউসুফ আলী, সাং ফারুকের চায়ের দোকান সংলগ্ন, জামসিং সাভার পৌর জামসিং এলাকায় ঘটনা ঘটে বলে অভিযোগে উঠেছে ।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী বাবুলের দাবি তার বড় ভাই জলিল ছোটবেলা থেকেই তার সাথে খারাপ আচরণ করে আসছে। গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে বাবুল তার নিজের ছেলেকে শাসন করছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে বড় ভাই জলিল সোলেমান মার্কেটের ভিতরে প্রকাশ্যে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে তাকে কিলঘুষি, চড়থাপ্পড় মেরে পাকা রাস্তার উপর ফেলে দেয়। এতে তার মাথায় ও বাম হাতের কনুইতে মারাত্মক রক্তাক্ত জখম হয়। পরে অভিযুক্ত তার গলা টিপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। পরে আহত অবস্থায় তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তার বাম হাতে ব্যান্ডেজ করা রয়েছে।

ভুক্তভোগী মোঃ বাবুল বলেন, “আমার বড় ভাই আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি এর সুষ্ঠু বিচার চাই।”

এ বিষয়ে সাভার মডেল থানার এ এস আই সেলিম জানান, “আমরা ভুক্তভোগীর লিখিত অভিযোগ হাতে পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হবে। তদন্ত করে সত্যতা পেলে মামলা রুজু হবে এবং আসামীকে ধরার জন্য অভিযান চালানো হবে।”

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত জলিল ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

অপরদিকে,ভুক্তভোগী নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান।

Related posts

Leave a Comment