শেখ বাশার ,সাভার,২৫ জুন-২০২৬(বিবিনিউজ):সুস্থ, সবল ও মেধাবী প্রজন্ম গড়তে শিশুদের পুষ্টি নিশ্চিত করার কোনো বিকল্প নেই। এই লক্ষ্যকে সামনে রেখে আগামী ২৮ জুন, রবিবার সারাদেশে পালিত হতে যাচ্ছে ‘জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন’। এই কর্মসূচি সফল করতে ঢাকা জেলা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এই ক্যাম্পেইন চলবে।
আজ প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, “শিশুদের অন্ধত্ব ও রাতকানা রোগ প্রতিরোধে ভিটামিন ‘এ’ ক্যাপসুল অত্যন্ত কার্যকর। এটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি ডায়রিয়া ও নিউমোনিয়ার মতো রোগের জটিলতা ও মৃত্যুর ঝুঁকি কমায়।” তিনি আরও বলেন, “আমাদের মূল লক্ষ্য ঢাকা জেলার একটি শিশুও যেন এই সেবা থেকে বঞ্চিত না হয়। বিশেষ করে বস্তি এলাকা, ভাসমান ও প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের কেন্দ্রে আনা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জিল্লুর রহমান। তিনি জানান, ঢাকা জেলার সাভার, ধামরাই, কেরানীগঞ্জ, নবাবগঞ্জ ও দোহারসহ পুরো জেলায় এই ক্যাম্পেইন সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, ক্যাম্পেইনের লক্ষ্যমাত্রা ও নিয়মাবলিতে ৬ থেকে ১১ মাস বয়সী শিশু, একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল। ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু, একটি করে লাল রঙের উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল।
সিভিল সার্জন আরো বলেন, শিশুদের ভরা পেটে কেন্দ্রে নিয়ে আসার জন্য অভিভাবকদের পরামর্শ দেওয়া হচ্ছে। কোনো শিশু যদি গত ৪ মাসের মধ্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেয়ে থাকে, তবে তাকে আর ক্যাপসুল খাওয়ানোর প্রয়োজন নেই এবং টিকাদান কেন্দ্রে আসার সময় অভিভাবকদের মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করা হয়েছে।
ক্যাম্পেইনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন শিল্পী। তিনি একে সরকারের প্রশংসনীয় উদ্যোগ হিসেবে অভিহিত করে বলেন, “শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিতে পুলিশ প্রশাসন এই ক্যাম্পেইন বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করবে।” এ সময় আরও উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ সরকার ফারহানা কবীর, মেডিকেল অফিসার ডাঃ মোঃ আশিকুর রহমান, ডাঃ রিফাত শামীম, ডাঃ নুরেন মুবাশশিরা প্রভা এবং ডাঃ ফাবলিনা নুশীন।
ব্রিফিংয়ে জাতীয় পুষ্টি সেবা, সেভ দ্য চিলড্রেন, হেলেন কেলার ইন্টারন্যাশনালসহ সংশ্লিষ্ট সব সহযোগী সংস্থার অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করা হয়। ক্যাম্পেইন সফল করতে অভিভাবকদের সচেতন করার ওপর জোর দিয়ে গণমাধ্যম কর্মীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।
আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন॥ ঢাকা জেলায় শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনে প্রশাসনের জোর প্রস্তুতি
