দিয়া ইসলাম ,সাভার (ঢাকা) : সাভারে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। শনিবার (৩ মার্চ) সকালে সাভারের বাড্ডা ভাটপাড়া এলাকার একটি বালুর মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অজ্ঞাত ওই যুবককে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা তার মরদেহ বালুর মাঠে ফেলে রেখে যায়। সকালে স্থানীয়রা মরদেহটি দেখে সাভার মডেল থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত যুবকের সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফরহাদ।
