ঢাকা, ৬ নভেম্বর : মুক্তমনা ব্লগার লেখক অভিজিত রায় হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ রোববার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলাম (আনসারুল্লাহ বাংলা টিম)-এর ইন্টেলিজেন্স শাখার একজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।
এর আগে অভিজিত হত্যাকান্ডের ঘটনায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছিল বলে পুলিশ জানায়।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ ইউসুফ আলী জানান, পুলিশের কাউন্টার টেরোরিজম (সিটি) বিভাগ রোববার দিবাগত রাত ৮টার দিকে মোহাম্মদপুর ইকবাল রোডে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম- মো. আবু সিদ্দিক সোহেল (৩৪) ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব।
তিনি জানান, সে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের একজন সক্রিয় সদস্য । প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি বাংলা একাডেমীর একুশে বই মেলায় লেখক ব্লগার অভিজিৎ রায় হত্যার সাথে সম্পৃক্ত ছিল বলে স্বীকার করে। সে জানায় তাদের সংগঠনের বড় ভাইয়ের নির্দেশে এবং পরিচালনায় এ হত্যাকান্ডে তারা অংশগ্রহণ করেছিল।
পুলিশ জানায়, ব্লগার অভিজিৎ রায়ের হত্যাকারীদের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় গ্রেফতারকৃত আসামী সোহেল অন্যান্য আসামীদের মধ্যে অন্যতম ছিল।
২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাতে একুশে বইমেলা চলাকালে বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে বের হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির কাছে ফুটপাতে কুপিয়ে হত্যা করা হয় অভিজিত রায়কে। ওই সময় তার সঙ্গে থাকা স্ত্রী বন্যা আহমেদও আহত হন।
পদার্থবিদ অধ্যাপক অজয় রায়ের ছেলে অভিজিত থাকতেন যুক্তরাষ্ট্রে। লেখালেখির কারণে বইমেলা অংশ নিতে তিনি দেশে এসেছিলেন।
ঘটনার পর অভিজাতের পিতা বাদি হয়ে শাহাবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
অভিজিত হত্যাকান্ডে আরো একজন গ্রেফতার
