শেখ এ কে আজাদ,৩ অক্টোবর, ২০২৬ (বিবিনিউজ): দেশের প্রতিটি উপজেলায় খেলাধুলার সুযোগ সৃষ্টি ও ক্রীড়ার মানোন্নয়নে একটি করে স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পাশাপাশি দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ প্রস্তুত করা হবে বলেও জানান তিনি।
শুক্রবার বিকেলে ঢাকার ধামরাই উপজেলার ভালুম আতাউর রহমান খান কলেজ মাঠে আরাফাত রহমান কোকোর স্মরণে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ক্রীড়াচর্চার প্রসারে দেশের তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভা তুলে আনার প্রত্যয় ব্যক্ত করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলাকে সারা দেশে ছড়িয়ে দিতে প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণ এবং ইউনিয়ন পর্যায়ে মোট ৪,৫৯৯টি খেলার মাঠ প্রস্তুুত করা হবে। অচিরেই ধামরাইয়েও একটি আধুনিক খেলার মাঠ নির্মাণ করা হবে।
তিনি আরও বলেন, “দেশের প্রত্যন্ত অঞ্চলের তরুণদের খেলাধুলার সুযোগ বাড়াতে সরকার এই উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে নতুন প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখা সম্ভব হবে।”প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, “আজকের এই বিপুল উপস্থিতিই বলে দিচ্ছে আমরা একটি খেলাধুলাপ্রিয় জাতি। খেলাধুলার মাধ্যমেই আমরা রাষ্ট্রের গুণগত পরিবর্তন আনতে চাই। দল-মত নির্বিশেষে একটি মানবিক বাংলাদেশ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই।”তৃণমূলের ক্রীড়া অবকাঠামো জোরদারের আশ্বাস দিয়ে তিনি বলেন, “তৃণমূল থেকে প্রতিভা তুলে আনার লক্ষ্যেই আমাদের এই কাজ চলছে। খেলাধুলা আজ কেবল ঢাকা কেন্দ্রিক নয়, দেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে গেছে।” এ সময় তিনি দেশের সব বিকেএসপিকে (ইকঝচ) স্বয়ংসম্পূর্ণ করা এবং নির্দিষ্ট গাইডলাইন মেনে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।

ধামরাইয়ের কালামপুর যুবক সমিতির আয়োজনে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার প্যারাডাইস এফসি ও ধামরাইয়ের সোনালী অতীত দল। এই গুরুত্বপূর্ণ ম্যাচটি উপভোগ করতে দুপুর থেকেই মাঠে জড়ো হন বিভিন্ন বয়সী হাজারো ফুটবলপ্রেমী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ও ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ। ম্যাচের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,স্থানীয় সংসদ সদস্য তমিজ উদ্দিন এবং ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল মামুনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন
