শেখ এ কে আজাদ,৩ অক্টোবর, ২০২৬ (বিবিনিউজ):প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী চলমান জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে আজ সাভার পৌরসভায় ডেঙ্গুর ভয়াবহতা রোধে বিশেষ কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সাভার পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা ব্যাংক কলোনী ও বাজার রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এই কর্মসূচি পালন করেন।
ডেঙ্গু প্রতিরোধে আয়োজিত এই কর্মসূচির মধ্যে ছিল সচেতনতামূলক র্যালি, মাইকিং, ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ।
বিতরণকৃত লিফলেটে ডেঙ্গু জ্বরকে এডিস মশাবাহিত রোগ হিসেবে উল্লেখ করে বলা হয়, এডিস মশার কামড়ের ৩ থেকে ৬ দিনের মধ্যে এর লক্ষণ দেখা দিতে পারে। ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ ও ফুলের টবে জমে থাকা পানি পরিষ্কার করা, মশা তাড়ানোর স্প্রে বা ওষুধ ব্যবহার করা এবং দিনে ও রাতে মশারি ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে। এছাড়া জ্বর হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া, প্যারাসিটামল ছাড়া অন্য ব্যথানাশক ওষুধ খাওয়া থেকে বিরত থাকা এবং রোগীকে বেশি বেশি তরল খাবার খাওয়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।
সাভার পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলামের পরামর্শে কর্মসূচিতে উপস্থিত ছিলেন,পৌর প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কাজী আয়শা সিদ্দিকা, স্যানেটারি ইন্সপেক্টর শাহনাজ পারভীন, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী কাজী মুসলেমুর রহমান চন্দন, সাভার পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন হিমেল এবং সাভার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রদল নেতা রাসেল তালুকদার শান্তসহ অনেকে।
জনস্বার্থে সাভার পৌরসভার এই উদ্যোগকে স্থানীয় সাধারণ মানুষ ও সচেতন মহল সাধুবাদ জানিয়েছেন
সাভারে ডেঙ্গু প্রতিরোধে সাভার পৌরসভা ও ছাত্রদলের যৌথ সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত
