জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন বিষয়ে আগামী রবিবার আদেশ দেবেন হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রবিবার একই বিচারপতির সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীনও সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের ডকোমেন্ট এরই মধ্যে হাইকোর্টের সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছেছে।
এর আগে ২৫ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ে কারা অভ্যন্তরে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানিতে নিম্ন আদালতের রায়ের কপি পাওয়ার পর আদেশ দেওয়া হবে বলে জানিয়েছিলেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ।
ওইদিন বিকেল পৌনে চারটায় শুনানির পর এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। এর আগে বয়স-অসুস্থতা-সামাজিক মর্যাদা বিবেচনায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের আর্জি জানিয়েছেন তার আইনজীবীরা। তবে দুর্নীতি দমন কমিশন-দুদকের আইনজীবীরা খালেদা জিয়ার জামিনের বিরোধিতা করেন।
