বিকেএসপিতে চীনা ভাষা শিক্ষা সেন্টারের উদ্বোধন

ষ্টাফ রিপোর্টার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ (বিবিনিউজ): বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এ চীনা ভাষা শিক্ষা সেন্টারের উদ্বোধন করা হয়েছে। আজ সকালে বিকেএসপির অডিও ভিজ্যুয়াল সেন্টারে ফিতা ও কেক কাটার মাধ্যমে সেন্টারটির উদ্বোধন করেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ এবং চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের পার্টি সেক্রেটারি রুয়ান চাওচি (RUAN Chaoqi)। এ সময় ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ও বিকেএসপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে বিকেএসপির প্রশিক্ষণার্থী ও বিকেএসপিতে ক্রিকেট প্রশিক্ষণরত চীনা প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে চীনা প্রতিনিধি দল বিকেএসপির কলেজ শাখায় স্থাপিত ল্যাঙ্গুয়েজ ল্যাব, ইনডোর ক্রিকেট সেন্টার ও তাইচি সেন্টার পরিদর্শন করেন। এর আগে প্রতিনিধি দলটি বিকেএসপির মহাপরিচালকের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেয়।

২০২৪ সালে বিকেএসপি ও ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় দুই প্রতিষ্ঠানের মধ্যে ক্রীড়া ও শিক্ষা ক্ষেত্রে সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। এর আওতায় ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় বিকেএসপিতে তাইচি সেন্টার স্থাপন, প্রশিক্ষণার্থীদের উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ এবং দুই প্রতিষ্ঠানের মধ্যে এক্সচেঞ্জ ট্রেনিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি বিকেএসপি ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রিকেট প্রশিক্ষণ দিচ্ছে।

বিকেএসপির প্রশিক্ষণার্থীদের চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং ভাষাগত প্রতিবন্ধকতা দূর করার লক্ষ্যে চীনা ভাষা শিক্ষা কার্যক্রম চালু করা হয়েছে। বর্তমানে তিনজন চীনা ভাষা প্রশিক্ষকের অধীনে প্রথম ব্যাচে ৬০ জন প্রশিক্ষণার্থী ভাষা শিখছে। এছাড়া বিকেএসপির ১০ জন সাবেক প্রশিক্ষার্থী বর্তমানে চীনে উচ্চশিক্ষা গ্রহণ করছেন। ভবিষ্যতে আরও বেশি সংখ্যক প্রশিক্ষণার্থীর চীনে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি ও সম্প্রসারণে চীনা ভাষায় দক্ষতা সহায়ক হবে বলে বিকেএসপি কর্তৃপক্ষ আশা করছে।

Related posts

Leave a Comment