ষ্টাফ রিপোর্টার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ (বিবিনিউজ): ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাইবার সিকিউরিটি সেন্টার’ শনিবার দেশের তথ্যপ্রযুক্তিখাতের নীতি নির্ধারক, শিক্ষাবিদ, ইন্ডাস্ট্রি লিডার ও অন্যান্য অংশীজনদের সমন্বয়ে দেশের বিভিন্ন স্কুল ও কলেজের শিশু-কিশোরদের জন্য দিনব্যাপী “সাইবার সচেতনতা প্রশিক্ষণ ও কর্মশালা ২০২৬” আয়োজন করেছে।

এই কর্মসূচির লক্ষ্য হলো বিশেষজ্ঞ সেশন, ব্যবহারিক প্রদর্শন, অংশগ্রহণমূলক কার্যক্রম এবং বাস্তব জীবনের সাইবার নিরাপত্তা বিষয়ক আলোচনার মাধ্যমে স্কুল ও কলেজ শিক্ষার্থীদের মধ্যে সাইবার নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি করা। অনুষ্ঠানটিতে বিশেষজ্ঞের নির্দেশনা, বাস্তব জীবনের উদাহরণ, প্রদর্শনমূলক কার্যক্রম, কুইজ এবং হাতে-কলমে শেখার সুযোগ অন্তর্ভুক্ত থাকায় অংশগ্রহণকারীরা অর্জিত সচেতনতাকে তাদের দৈনন্দিন ডিজিটাল আচরণে নিরাপদ অভ্যাসে রূপান্তর করতে পারবে।

প্রশিক্ষণ কর্মশালায় রাজউক উত্তরা মডেল কলেজ, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, মাহিম মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং ডিআইইউ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০ জন শিক্ষার্থী এবং সর্বোচ্চ পাঁচজন শিক্ষক এতে অংশ গ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশের সহকারী অ্যাটর্নি জেনারেল ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এবং ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচএসবিসি বাংলাদেশের সাইবার সিকিউরিটি প্রধান সাইফুল ইসলাম রাজীব ও ব্যবসায়ী নেতা ও উদ্যোক্তা এফএম সারওয়ার হোসেন। অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ- উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মাসুম ইকবাল, সাইবার সিকিউরিটি সেন্টারের পরিচালক ড. রুবায়েত ইসলাম ও এম এসসি ইন সাইবার সিকিউরিটি’র পরিচালক প্রফেসর ড. এ এইচ এম সাইফুল্লাহ সাদী । দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
