ষ্টাফ রিপোর্টার,৩০ আগস্ট ২০২৬ (বিবিনিউজ):ক্যান্সারে আক্রান্ত জনপ্রিয় শেফ শেখ আশরাফুজ্জামান আশরাফের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়েছেন ঢাকার সাভারের সর্বস্তরের জনগণ।চ্যারিটি কনসার্টের মাধ্যমে তহবিল সংগ্রহ হয়েছে ১৭ লাখ টাকার অধিক অর্থ। ২৮ আগস্ট রাতে সাভারের তারাপুর মাঠে আশরাফুজ্জামানের চিকিৎসার তহবিল সংগ্রহের জন্য আয়োজন করা হয় এই চ্যারিটি কনসার্টের।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা -১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ খোরশেদ আলমের একক ও ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এ মানবিক চ্যারিটি কনসার্টে সাভার ও আশুলিয়ার বিভিন্ন শ্রেণি-পেশার সর্বস্তরের মানুষ অংশ নেন।লায়ন খোরশেদ আলম জানান,দেশের পরিচিত মুখ ক্যান্সার আক্রান্ত শেফ আশরাফুজ্জামানের চিকিৎসার জন্য প্রায় ৬০ লক্ষ টাকার প্রয়োজন। যে কারণেই আমাদের ব্যক্তিগত সহযোগিতার পাশাপাশি তহবিল সংগ্রহের জন্য এই চ্যারিটি কনসার্টের আয়োজন করা হয়েছে। এতে মানবিক মানুষেরা সাড়া দিয়েছেন। সংগ্রহ হয়েছে ১৭ লাখ টাকার অধিক।

আয়োজিত চ্যারিটি কনসার্টে উপস্থিত হয়ে ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে বলেন, আশরাফের চিকিৎসা চলাকালীন যেকোনো প্রয়োজনে ভবিষ্যতেও পাশে থাকবো।
অপরদিকে ঢাকা জেলা পরিষদের প্রশাসকের কাছ থেকে সহ বিভিন্ন স্থান থেকে আরো কিছু অনুদান পেয়েছেন।
